কাশ্মীরের প্রধান শহরগুলোতে কারফিউ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীনগরসহ কাশ্মীরের অন্য প্রধান শহরগুলোতে কারফিউ অব্যাহত আছে। তা সত্ত্বেও আজ বৃহস্পতিবার সোপোর শহরে বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এদিকে জেকেএলএফের সভাপতি মোহাম্মদ ইয়াসিন মালিকের আত্মীয় ইয়াসির হামিদ শেখ (২২) আজ বৃহস্পতিবার দিল্লিতে মারা গেছেন বলে জানিয়েছেন পার্টির মুখপাত্র আলতাফ খান। গত ৩০ আগস্ট মাইসুমা এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় ইয়াসির হামিদ শেখকে। অবস্থার অবনতি হলে গত ৯ সেপ্টেম্বর তাকে দিল্লিতে স্থানান্তর করা হয়। ইয়াসির হামিদ শেখের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কর্তৃপক্ষ অভিযুক্ত পুলিশকে বহিষ্কার করেছে এবং এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে।কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সাপোর শহরে ১০০-র বেশি তরুণ কারফিউ ভেঙে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। সাপোর শহরের বাটাপোড়া এলাকায় মুদাসসর আহমেদ নামে এক ব্যক্তি মারা যাওয়ার পর গতকাল সন্ধ্যায় সেখানে সহিংস বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় তারা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি একতলা দালানে আগুন ধরিয়ে দেয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া কুপারা জেলার হান্দারায় বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপে ছয়জন পুলিশ আহত হয়েছে বলে পুলিশের এক মুখপাত্র সূত্রে জানা গেছে।এদিকে কাশ্মীর উপত্যকার কিছু অঞ্চল থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (এএফএসপিএ) প্রত্যাহারকরণ নিয়ে চলমান বিতর্কের মধ্যে এটিকে কঠোর আইন নয় বরং একটি প্রায়োগিক আইন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এ দাবি করেন সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল পি সি ভরদ্বাজ। পিটিআই।