কাশ্মীরের ব্যাপারে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র
কাশ্মীর সমস্যা সমাধানে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে ওবামা প্রশাসন। ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সমাধানের প্রয়োজন মনে করে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র পি জে ক্রাউলি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।ফরেন প্রেস সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পি জে ক্রাউলি বলেন, ‘ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রের জন্য কাশ্মীর অঞ্চলটি সমান গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে উভয় দেশ থেকে যুক্তরাষ্ট্রকে বিশেষ কোনো ভূমিকা রাখতে বলা হয়নি। আমরা চাই ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হোক।’তবে গত বৃহস্পতিবার কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি ওয়াশিংটনে অনুষ্ঠিত তৃতীয় যুক্তরাষ্ট্র-পাকিস্তান কৌশলগত আলোচনায় পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।—পিটিআই