কাশ্মীরের শ্রীনগরে সংবাদপত্রের প্রকাশনা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগরে সরকারের দমন নীতির প্রতিবাদে সংবাদপত্রের মালিকেরা পত্রিকা প্রকাশ বন্ধ রেখেছেন।গত বুধবার কারফিউ চলাকালে সাংবাদিকদের ‘কারফিউ পাস’ বাতিল করা হয়। পরে শুক্রবার শুধু কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিককে নতুন পাস দেওয়া হয়।কিন্তু পত্রিকার মালিকেরা বলছেন, তাঁদের সব কর্মকর্তা-কর্মচারী কাজে না আসতে পারলে পত্রিকা প্রকাশ করা সম্ভব নয়। ভারতব্যাপী মিডিয়া গ্রুপগুলো এ দমন নীতির কঠোর সমালোচনা করেছে।গত শুক্রবার বিবিসি উর্দু সার্ভিসের সাংবাদিক রিয়াজ মাশরুর তাঁর কারফিউ পাস আনতে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটকায় ও এমন মারধর করে যার ফলে তাঁর একটি বাহু ভেঙে যায়।গত এক মাসে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কাশ্মীরে ১৪ জন বেসামরিক লোক নিহত হয়। ইতিমধ্যে কর্তৃপক্ষ মুসলিম অধ্যুষিত কাশ্মীর উপত্যকার আরও ১৫টি শহরে কারফিউ জারি করেছে। শ্রীনগরে চার দিন আগে থেকেই কারফিউ বলবত্ আছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সহিংসতামুক্ত শুক্রবার নিশ্চিত করতেই আমরা কারফিউর আওতাধীন এলাকা সম্প্রসারিত করেছি।’উত্তরাঞ্চলীয় শহর কুপওয়ারা ও হ্যান্ডওয়ারা, দক্ষিণাঞ্চলের কাকপোরা ও পুলওয়ামা এবং পূর্বাঞ্চলীয় শহর গানদেরবালেও এখন কারফিউ জারি হয়েছে।গত বুধবার সেনাবাহিনীর সদস্যরা শক্তি প্রদর্শন করতে শ্রীনগরে এক মহড়া দেন, যাতে বিক্ষোভ দমনে তা সাহায্য করতে পারে। বিবিসির প্রতিনিধিরা জানিয়েছেন, ভারত সরকার এ অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন। বিশেষ করে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আগামী সপ্তাহেই পাকিস্তানের সঙ্গে একটি বৈঠকে বসবেন। কাশ্মীর সমস্যা দীর্ঘকাল ধরেই এই দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে আসছে। ভারত সরকার সাম্প্রতিক এই বিক্ষোভকে উসকে দেওয়ার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলোকে দায়ী করেছে।—বিবিসি অনলাইন