কাশ্মীরের সংঘাত কুৎসিত রূপ নিতে পারে
পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ বলেছেন, পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত। তিনি বলেন, কাশ্মীরে চলমান সংঘাত কুৎসিত রূপ নিতে পারে।আজ শুক্রবার এক সাক্ষাৎকারে হাফিজ বলেন, ‘আমরা চাই না ভারতের বিপক্ষে কোনো ধরনের শক্তিপ্রয়োগ বা সামরিক অভিযান পরিচালনা করা হোক। তবে ভারতীয়রাই বিকল্প ব্যবস্থাকে উসকে দিচ্ছে।’‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, চলতি সপ্তাহে প্রায় এক দশক আগের অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘন করে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে ভারতের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে হাফিজের বিরুদ্ধে। তবে গণমাধ্যমে প্রকাশিত এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।কাশ্মীরে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো গোলাগুলির ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভারতীয়দের গুলিতে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র।এ প্রসঙ্গে সাঈদ বলেন, পাকিস্তানের সঙ্গে শান্তিপ্রক্রিয়া ভণ্ডুল করতে চাইছে ভারত। কাশ্মীর ইস্যুকেও ঝুলিয়ে রাখছে তারা। তিনি আরও বলেন, এটা তাদের সাধারণ আচরণ। তারা (ভারত) আন্তর্জাতিক সম্প্রদায়কে তোয়াক্কা না করে পাকিস্তানকে অস্থিতিশীল করে রাখতে চায়।২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে সাঈদকে সন্দেহভাজন বিবেচনা করে তাঁকে বিচারের আওতায় আনতে বারবার পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। এমনকি হামলায় সাঈদের সম্পৃক্ততা নিয়ে পাকিস্তানকে নথিপত্র পাঠালেও পাকিস্তান তাঁকে আটক না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত।