কাসাব দোষী, দণ্ড ঘোষণা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই হামলায় জড়িত একমাত্র জীবিত হামলাকারী আজমল আমির কাসাবকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গতকাল সোমবার মুম্বাইয়ের বিশেষ আদালতের বিচারক এম এল তাহালিয়ানি এই রায় দেন। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং মুম্বাই হামলায় অংশ নেওয়াসহ তাঁর বিরুদ্ধে ৮৬টি অভিযোগ আনা হয়। সব কয়টি অভিযোগেই তাঁকে দোষী ঘোষণা করা হয়েছে। আদালত আজ মঙ্গলবার তাঁর দণ্ড ঘোষণা করবেন। তবে হামলাকারীদের বিভিন্ন সরঞ্জাম ও তথ্য দিয়ে সহায়তা করাসহ এক ডজনের বেশি অভিযোগে আটক ভারতীয় দুই নাগরিক ফাহিম আনসারি ও সাবাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়। ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে টানা ৬০ ঘণ্টা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একাধিক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। এতে হামলাকারী ১০ জনের মধ্যে নয়জন মারা গেলেও বেঁচে যান পাকিস্তানের নাগরিক কাসাব। তাঁকে আটক করার পর প্রায় ১৪ মাস ধরে বিচারকাজ চলে। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করেছে ভারত।বিচারক এম এল তাহালিয়ানি রায়ে বলেন, ‘ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ছত্রপতি শিবাজি রেলস্টেশনে হত্যা এবং বাকি নয় হামলাকারীকে সহযোগিতা করার অভিযোগে আপনি দোষী প্রমাণিত হয়েছেন।’ আদালত রায়ে আরও বলেন, ওই হামলার পরিকল্পনা পাকিস্তানেই করা হয়েছিল। কাসাব ছাড়াও পাকিস্তানের নাগরিক হাফিজ সাইদ, জাকিউর রেহমানসহ আরও ৩৫ জন জড়িত ছিল। পর্যবেক্ষকেরা আশা করছেন, আজ আদালত কাসাবের মৃত্যুদণ্ড ঘোষণা করবেন। অবশ্য এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন কাসাব। রায় ঘোষণার সময় কাসাব আদালতে উপস্থিত ছিলেন। তাঁর পরনে ছিল একটি লম্বা সাদা শার্ট। বিচারক রায় পড়ে শোনানোর পুরো সময়টিতে কাসাব মাথা নিচু করে বসে ছিলেন। এ সময় তিনি কোনো কথা বলেননি।রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, ‘আমরা সন্তুষ্ট কাসাবকে দোষী সাব্যস্ত করার মধ্য দিয়ে এই বিচার শেষ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই রায় পাকিস্তান সরকারের জন্য এই বার্তাই ঘোষণা করেছে, ভারতে সন্ত্রাস রপ্তানির চেষ্টা করবেন না।’ তিনি বলেন, ‘কাসাবের বিচার ও সাজা ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে, ভারতে আইনের শাসন রয়েছে এবং এখানকার বিচারব্যবস্থা পক্ষপাতমুক্ত।’ অন্যদিকে ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী এম ভিরাপ্পা মৈলি কাসাবের বিরুদ্ধে রায় ঘোষণাকে দেশের জন্য একটি বিজয় হিসেবে অভিহিত করেছেন।রায় ঘোষণা উপলক্ষে আদালত এলাকা ও মুম্বাই শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সাংবাদিকদের আদালতের ভেতরে অবস্থান করতে দেওয়া হলেও সেখানে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি। মামলায় প্রমাণ হিসেবে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি ও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ও হামলা থেকে বেঁচে যাওয়া একাধিক ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়। গত মাসে পাকিস্তান কাসাবকে তাদের কাছে হস্তান্তরের আহ্বান জানায়, কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি।মামলায় সরকারপক্ষের আইনজীবী উজ্জ্বল নিকম কাসাবকে একজন সুপ্রশিক্ষিত জঙ্গি হিসেবে অভিহিত করেন। আদালতের সামনে তাঁর মূল বক্তব্য ছিল, কাসাব একজন ঠান্ডা মাথার খুনি। অন্যদিকে কাসাব আদালতে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করেন।সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি প্রেরণা সুরি আদালত প্রাঙ্গণ থেকে জানিয়েছেন, আদালত কাসাবকে মৃত্যুদণ্ড দিতে পারেন। এ ক্ষেত্রে ওই রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন কাসাবের পক্ষের আইনজীবীরা। ভারতে সাধারণত, খুব গুরুতর অপরাধেই মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে।এর আগে মামলার শুনানি চলার সময় প্রথমবার জবানবন্দিতে কাসাব মুম্বাই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেও পরে তা অস্বীকার করেন। তিনি দাবি করেন, পুলিশের চাপে পড়ে ওই সময় তিনি দোষ স্বীকার করেছিলেন। মুম্বাই হামলার পর ভারত-পাকিস্তান শান্তি আলোচনা ভেঙে যায় এবং দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।