কাসাবকে মৃত্যুদণ্ড দিলেন মুম্বাই আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ২০০৮ সালের নভেম্বরে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত একমাত্র জীবিত হামলাকারী আজমল আমির কাসাবকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মুম্বাইয়ের বিশেষ আদালতের বিচারক এম এল তাহালিয়ানি গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। আদালত তাঁকে মৃত্যুর আগ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে সাজা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত বলেন, এ ধরনের সন্ত্রাসীকে বাঁচিয়ে রাখলে তিনি সমাজ ও ভারত সরকারের জন্য ‘দীর্ঘস্থায়ী ঝুঁকি’তে পরিণত হবেন। মুম্বাই হামলার ঘটনায় কাসাবের বিরুদ্ধে আনা চারটি অভিযোগে আদালত তাঁকে ভারতের ‘অপরাধ কার্যকলাপ প্রতিরোধ আইন’ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেন। পাকিস্তানের নাগরিক কাসাবের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল গণহত্যা, হত্যার ষড়যন্ত্র, ভারতের বিরুদ্ধে যুদ্ধের পটভূমি সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। এ ছাড়া আদালত আরও পাঁচটি অভিযোগে কাসাবকে (২২) ‘বিস্ফোরক দ্রব্য আইন’-এ যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত জানান, কাসাব এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন।২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৬৬ জন ব্যক্তি নিহত হন। ১৭ মাস আগের এ ঘটনায় গত সোমবার তাহালিয়ানির বিশেষ আদালতে কাসাবকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে ৮৬টি অভিযোগ আনা হয়।বিচারক এম এল তাহালিয়ানি রায় ঘোষণার সময় বলেন, চারটি অভিযোগে কাসাবকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হচ্ছে। আদালতের দৃষ্টিতে কাসাবের সংশোধিত হওয়ার কোনো সুযোগ নেই। তাঁর মতো একজন সন্ত্রাসীকে বাঁচিয়ে রাখলে তা হবে সমাজ ও ভারত সরকারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আদালত বলেন, কাসাব পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার সঙ্গে স্বেচ্ছায় যুক্ত হয়েছিলেন। রায় ঘোষণার পর বিচারক তাহালিয়ানি হিন্দিতে রায়ের বিস্তারিত তথ্য কাসাবের কাছে তুলে ধরেন। এ সময় রায় শুনে কাসাব ভেঙে পড়েন। দুই হাতে মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন। স্বাভাবিক হওয়ার জন্য এক গ্লাস পানিও চান। কিছু বলার আছে কি না জানতে চাইলে তিনি হাত নেড়ে জানিয়ে দেন, তাঁর কিছু বলার নেই। পরে পুলিশ আদালতের কাঠগড়া থেকে তাঁকে আর্থার রোড কারাগারে নিয়ে যায়।রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী উজ্জ্বল নিকম হাস্যোজ্জ্বল অবস্থায় আদালত প্রাঙ্গণের সামনে আসেন এবং বিজয় চিহ্ন দেখান। তিনি বলেন, ‘এই রায়ে আমি খুবই খুশি। মুম্বাই হামলার ঘটনায় হতাহতদের স্বজনদের বেদনা লাঘবে আমি সফল হয়েছি।’কাসাবের ফাঁসির খবরে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। তাঁরা বলেছেন, সন্ত্রাসীদের কোনো জাত-বর্ণ নেই।কাসাবের আইনজীবী তাঁর মক্কেলের জন্য আদালতে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, একটি সন্ত্রাসী সংগঠন তাঁর মক্কেলের মগজধোলাই করেছে। তাঁকে পুনর্বাসিত করা যেতে পারে। তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে আবেদন করা হবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।বার্তা সংস্থা বিবিসির দিল্লির প্রতিনিধি শৌতিক বিশ্বাস বলেন, এ রায়ের বিরুদ্ধে আবেদন করা হলে সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক বছর লেগে যেতে পারে।গণমাধ্যমের খবরে বলা হয়, কাসাব হচ্ছেন ভারতের সবচেয়ে ব্যয়বহুল কয়েদি। তাঁর পেছনে ৩২ কোটি রুপি ব্যয় হয়েছে।