কাসাবের আবেদন নাকচ
মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর বোমা হামলার হোতা আজমল কাসাবের সাজা মওকুফ করবে না দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি ভবনে পাঠানো মন্ত্রণালয়ের এক সুপারিশে এ কথা জানানো হয়েছে। মৃত্যুদণ্ড থেকে বাঁচতে ভারতের সুপ্রিম কোর্টে গত আগস্টে সর্বশেষ আইনি লড়াইয়ে পরাজিত হন কাসাব। এর দুই সপ্তাহ পর ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন লস্কর-ই-তাইয়্যেবার ২৫ বছর বয়সী এ সন্ত্রাসী। এনডিটিভির খবরে বলা হয়, মুম্বাই হামলার পর চার বছর ধরে আইনি লড়াই চালিয়েছেন কাসাব। গত ২৯ আগস্ট তাঁর বিরুদ্ধে চূড়ান্ত রায় দেন আদালত। রায়ে বলা হয়, ‘ন্যূনতম বিবেচনা না করেই কাসাব হত্যায় অংশ নিয়েছেন। তাই তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড বহাল রাখা হলো।’ ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেল ও ছাত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে হামলা চালান কাসাব ও তাঁর নয় সহযোগী। হামলায় বিদেশি নাগরিক ও পুলিশসহ ১৬৬ জন নিহত হয়। এ হামলায় জড়িত অন্য পাকিস্তানি সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় নিহত হলেও কাসাব জীবন্ত অবস্থায় ধরা পড়েন।