কাসাবের পেছনে মহারাষ্ট্রের ব্যয় ১৬ কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাই হামলার একমাত্র জীবিত আসামি আজমল আমির কাসাবের পেছনে গত তিন বছরে মহারাষ্ট্র সরকারের ব্যয় হয়েছে ১৬ কোটি ১৭ লাখ রুপি। মুম্বাই হামলার তিন বছর পূর্তিকে সামনে রেখে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।মহারাষ্ট্রের আর্থার রোড জেলে বন্দী কাসাবের জন্য বিশেষ সেল নির্মাণ, অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন, খাবার ও চিকিত্সার পেছনে এ পরিমাণ ব্যয় হয়েছে। তবে এ খরচে কাসাবের জন্য নিযুক্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর ও তাঁর দলের জন্য ব্যয়িত অর্থের হিসাব যুক্ত করা হয়নি। প্রকাশিত খবরে বলা হয়েছে, কাসাবের জন্য বিশেষ সেল নির্মাণে পাঁচ কোটি ২৯ লাখ, বিশেষ নিরাপত্তা নিশ্চিতে ১০ কোটি ৮৭ লাখ, খাবারের জন্য ২৭ হাজার ৫২০ ও চিকিত্সার জন্য ২৬ হাজার ৯৫৩ রুপি ব্যয় করা হয়েছে। দিনে কাসাবের খাবারের জন্য ব্যয় হয় ২৫ ভারতীয় রুপি। সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও কাসাবের পেছনে ব্যয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজ্যটির স্বরাষ্ট্র বিভাগ। একজন কর্মকর্তা বলেন, ‘আমরা তাঁকে এখন যেভাবে রেখেছি, ভবিষ্যতে এতে কোনো পরিবর্তন আসবে না। তাঁর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিবেচনায় আমরা এ অর্থ ব্যয় করে যাচ্ছি।’২০০৮ সালের ২৬ নভেম্বর কাসাবসহ ১০ জন সশস্ত্র ব্যক্তি মুম্বাইয়ে ওই ভয়াবহ হামলা চালায়। এতে শতাধিক লোক নিহত এবং বহু লোক আহত হয়। বিশেষ আদালত কাসাবকে মৃত্যুদণ্ড দেন। ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট এ আদেশ বহাল রাখেন।