কাসাবের ফাঁসি চেয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজমল কাসাবের ফাঁসি চেয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। আজ বৃহস্পতিবার মালদ্বীপের আদ্দুতে ভারতীয় সাংবাদিকদের কাছে তিনি এ মতামত ব্যক্ত করেন বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।১৭তম সার্ক সম্মেলন উপলক্ষে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এখন মালদ্বীপের আদ্দুতে অবস্থান করছেন। রেহমান মালিক জানিয়েছেন, পাকিস্তান সরকারের প্রস্তাবিত বিচার বিভাগীয় কমিশনের ভারত সফর এ হামলার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সহায়তা করবে।ভারতীয় সাংবাদিকদের রেহমান মালিক বলেন, ‘কাসাব একজন সন্ত্রাসী। তাঁর কোনো দেশ নেই। তাঁর ফাঁসির হওয়া উচিত।’রেহমান মালিক জানান, পাকিস্তানের বিচার বিভাগীয় কমিশনের ভারত সফরের জন্য তাঁর সরকার অপেক্ষা করছে। মুম্বাই হামলার সঙ্গে পাকিস্তানের যদি কেউ সংশ্লিষ্ট থাকে, তাঁদের বিচার করার ক্ষেত্রে তথ্যপ্রমাণ পেতে এ সফর সহায়তা করবে। রেহমান মালিক বলেন, পাকিস্তানে তাদের বিচার করতে এ পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৬৬ ব্যক্তি নিহত হন। হামলাকারীদের মধ্যে পাকিস্তানি নাগরিক আজমল কাসাবকেই কেবল জীবিত ধরা সম্ভব হয়। পাকিস্তান প্রথম এই হামলায় তাদের নাগরিকদের জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করে।কাসাব বর্তমানে ভারতের কারাগারে। আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিলেও তিনি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন।