কাসাবের ফাঁসি হামলা চালানোর প্রেরণা!
মুম্বাই হামলার দায়ে ফাঁসি কার্যকর হওয়া মোহাম্মদ আজমল কাসাবকে ‘বীর’ হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তায়েবা (এলইটি)। কাসাব অন্যদের আরও হামলা চালাতে অনুপ্রাণিত করবেন বলে ওই সংগঠনের এক জ্যেষ্ঠ কমান্ডার মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অজ্ঞাত স্থান থেকে ফোনে এলইটির ওই কমান্ডার বলেন, ‘সে (কাসাব) একজন বীর এবং সে অন্য যোদ্ধাদের তার পথ অনুসরণে উত্সাহিত করবে।’এদিকে, কাসাবের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় দুঃখ প্রকাশ করেছে পাকিস্তান তালেবান। তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সন্দেহাতীতভাবে এটা খুবই দুঃখজনক খবর। ভারতের মাটিতে একজন মুসলমানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া একটা বড় ক্ষতি।’মুম্বাই হামলার মৃত্যুদণ্ড পাওয়া একমাত্র জীবিত আসামি মোহাম্মদ আজমল কাসাবের ফাঁসি আজ বুধবার সকালে কার্যকর করা হয়েছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। এর পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তায়েবার হাত ছিল। লস্কর-ই-তায়েবার সদস্য কাসাব ও তাঁর নয় সহযোগী সমুদ্রপথে করাচি থেকে মুম্বাই এসে এ হামলা চালান। পরে পাকিস্তানি নাগরিক কাসাবকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে মানুষ হত্যার দায়ে কাসাবকে মৃত্যুদণ্ড দেন ভারতের আদালত। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেন কাসাব। চলতি বছরের আগস্টে ভারতের সুপ্রিম কোর্ট কাসাবের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। তবে এ আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।