কাসাবের মৃত্যুদণ্ড বহাল রেখেছে মুম্বাই হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত সন্ত্রাসী আজমল কাসাবের মৃত্যুদণ্ড বহাল রেখেছে মুম্বাই হাইকোর্ট। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়েছে, মুম্বাই হাইকোর্টের বিচারপতি রঞ্জনা দেশাই ও আর ভি মোরের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ রায় দেন।আদালত আজ একই সঙ্গে ওই হামলায় সহায়তাকারী দুই ভারতীয়কে অব্যাহতি দেওয়ার বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের করা আবেদন খারিজ করে দেন। অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন ফাহিম আনসারি ও সাবাউদ্দিন আহমেদ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল মুম্বাইয়ে যেসব স্থানে হামলা চালানো হয়েছে, সেসব স্থানের মানচিত্র তাঁরা পাকিস্তানভিক্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার কাছে সরবরাহ করেন। এরপর লস্কর-ই-তাইয়েবা ওই মানচিত্র কাসাবসহ অন্য নয় সন্ত্রাসীর কাছে পৌঁছে দেয়।গত বছরের মে মাসে সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত সন্ত্রাসী হামলা চালানোর দায়ে কাসাবকে মৃত্যুদণ্ড দেয়। মুম্বাই হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখায় তিনি এখন ভারতের সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। রাষ্ট্রপক্ষ বলছে, কাসাব সুপ্রিম কোর্টে আবেদন করতে চাইলে তাঁকে আইনি সহায়তা করা হবে। ২০০৮ সালের ২৬ নভেম্বরে চালানো ওই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল।