কাসেম আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৪ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আগামী ২৪ এপ্রিল ট্রাইব্যুনালে দাখিল করা হতে পারে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত এ তথ্য জানান। রানা দাশগুপ্ত বলেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে তদন্তকাজ শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ২৪ এপ্রিল ধার্য তারিখে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। এ ছাড়া বিএনপির নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তদন্তকাজ শুরু হয়েছে বলে জানান তিনি।সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলামের নেতৃত্বে পাঁচ কর্মকর্তা ২২ থেকে ২৯ মার্চ পর্যন্ত টানা আট দিন মীর কাসেম আলীর বিরুদ্ধে থাকা অভিযোগের তদন্ত শেষ করেছেন। একই সঙ্গে বিএনপির নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে পাওয়া অভিযোগ নিয়েও তথ্য সংগ্রহ করেছেন। তদন্তে তাঁদের সহযোগিতা করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। এ ছাড়া চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁদের সুরক্ষার বিষয়েও তদন্তদল কাজ করেছে বলে জানানো হয়।সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, মীর কাসেম আলীর তদন্ত প্রতিবেদন দাখিলের পর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে পুরোদমে তদন্ত শুরু হবে। প্রসঙ্গত, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ইতিমধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে।