মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল
কাসেমের ব্যাপারে ২৪ এপ্রিল তদন্ত প্রতিবেদনের সম্ভাবনা
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ব্যাপারে আগামী ২৪ এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের তদন্তকাজ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম। চট্টগ্রামে টানা আট দিন তদন্তকাজ শেষ করে আজ শনিবার নগরের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাইব্যুনালের কৌঁসুলি রানা দাশগুপ্ত ও তদন্ত দলের প্রধান নুরুল ইসলাম।রানা দাশগুপ্ত বলেন, ‘গত আট দিনে মীর কাসেম আলীর ব্যাপারে তদন্তকাজ শেষ করা হয়েছে। তদন্ত দল আগামী ২৪ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করবে বলে আশা করছি। পরে প্রসিকিউশন ২৪ এপ্রিল শুনানির ধার্য তারিখে তা ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবে।’ এরপর মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হবে বলে তিনি জানান।একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই ও বিএনপির নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তদন্তকাজ শুরু হয়েছে বলে রানা দাশগুপ্ত ও নুরুল ইসলাম জানান। গিয়াসউদ্দিন কাদেরের বিরুদ্ধে তদন্ত সম্পর্কে নূরুল ইসলাম বলেন, ‘গিয়াসউদ্দিন কাদেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আছে, সেগুলোর বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। মীর কাসেম আলীর তদন্ত শেষ করতে গিয়ে গিয়াস কাদেরের বিষয়ে খুব বেশি মনোনিবেশ করতে পারিনি। মীর কাশেম আলীর তদন্ত প্রতিবেদন দাখিলের পর গিয়াস কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু হবে।’