কায়কোবাদ ছিলেন গণমানুষের কবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকবি কায়কোবাদ অসাধারণ কর্মের জন্য নিজের স্বতন্ত্র অবস্থান করে নিয়েছেন। তিনি ছিলেন গণমানুষের কবি। তাঁর সময়ে প্রেম ভালোবাসাকে তিনি যেভাবে উপস্থাপন করেছিলেন, তা এখনো অনেক আধুনিক।গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় কায়কোবাদ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত মহাকবি কায়কোবাদ স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তাঁরা আরও বলেন, কায়কোবাদের অনবদ্য সৃষ্টি হচ্ছে মহাশ্মশান, যা তাঁকে মহাকবি উপাধি দিয়েছে। কবি তাঁর অসামান্য অবদানে বাংলা সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করলেও তরুণ প্রজন্মকে তাঁর সম্পর্কে জানানোর নেই তেমন কোনো উদ্যোগ। আলোচনায় অংশ নেন শেখ মাকসুদ আলী, মাহমুদ আলী খান, ফাতেমা কাওসার, আবু মোহম্মাদ দেলোয়ার হোসেন ও বাংলা একাডেমীর পরিচালক লিয়াকত আলী। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে ‘ওরা অকারণে চঞ্চল’ ও ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানের সঙ্গে ওয়ার্দা রিহাবের পরিচালনায় নৃত্য পরিবেশন করে ধৃতি নর্ত্তনালয়। এ ছাড়া মাহবুব সেলিম ‘আমার ভাঙা পথের রাঙা ধুলায়’, সুমাইয়া রহমান ‘বাঁশি কেন গায়’ গানগুলো গেয়ে শোনান।সবশেষে বগুড়ার আমরা ক’জন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে নৃত্যনাট্য ইছামতীর বাঁকে।