কায়রোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে খ্রিষ্টানদের সংঘর্ষে নিহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোতে গতকাল রোববার নিরাপত্তা বাহিনীর সঙ্গে কপটিক খ্রিষ্টানদের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২১২ জন।গত সপ্তাহে আসওয়ান প্রদেশে একটি চার্চে হামলার প্রতিবাদে কায়রোর রাষ্ট্রীয় টেলিভিশনের কাছে কয়েক দিন ধরে বিক্ষোভ-সমাবেশ করে আসছিল খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন। গতকাল বিক্ষোভের একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায়।মিসরের টিভি ফুটেজে দেখা গেছে, রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ চলছে এবং বিক্ষোভকারীরা সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গত ফেব্রুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর এটাই সবচেয়ে বড় সহিংসতা।মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে ২৪ জন নিহত ও ২১২ জন আহত হয়েছে। নিহতের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে তিনজন সেনাসদস্য। মন্ত্রণালয়ের মুখপাত্র হিসাম শিহা জানান, আহতের মধ্যে ১০৭ জন বেসামরিক নাগরিক। আর বাকিরা নিরাপত্তা বাহিনীর সদস্য।খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন চার্চে হামলার জন্য কট্টরপন্থী মুসলমানদের দায়ী করে আসছে। এদিকে, মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকের পর মিসরের প্রধানমন্ত্রী এশাম শারাফ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে এ বিবাদ মিসরের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। প্রধানমন্ত্রী গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিসরে মোট জনসংখ্যার ১০ শতাংশ খ্রিষ্টান। খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন অভিযোগ করছে, ক্ষমতাসীন সামরিক কাউন্সিল কর্তৃপক্ষ চার্চে হামলাকারীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে খুব নমনীয় ভূমিকা পালন করছে। বিক্ষোভকারীরা আসওয়ান প্রদেশের গভর্নরকে অপসারণের দাবি জানিয়েছে। এ ছাড়া সামরিক কাউন্সিলের চেয়ারম্যান ফিল্ড মার্শাল মোহাম্মদ তানতাবির পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা।বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সহিংসতা প্রথমে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের বাইরে শুরু হলেও পরে তাহরির স্কয়ারসহ কায়রোর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আরও সহিংসতা মোকাবিলায় কায়রোর কিছু অংশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ওপর নির্যাতন করছে।মিসরে গত মে মাসে কপটিক চার্চে হামলায় ১২ জন নিহত হয়। এর আগে মার্চে খ্রিষ্টান ও মুসলমানদের সংঘর্ষে নিহত হয় ১৩ জন।সর্বশেষ গতকালের সহিংসতা পার্লামেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ঘটল। আগামী ২৮ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণের কথা।