কায়রোতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত সহস্রাধিক
মিসরের রাজধানী কায়রোতে গতকাল বুধবার পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ তরুণদের সংঘর্ষ হয়েছে। এতে এক হাজারেরও বেশি লোক আহত হয়েছে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাজনৈতিক সংস্কার এবং হোসনি মোবারক সরকারের শীর্ষ রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের দ্রুত বিচারের দাবিতে গতকাল কায়রোর তাহরির স্কয়ারে কয়েক হাজার তরুণ বিক্ষোভ দেখায়। বিক্ষুব্ধ তরুণেরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পুলিশও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।হোসনি মোবারকবিরোধী গণঅভ্যুত্থানের পর গতকালের ঘটনা ছিল সবচেয়ে সহিংস। ওই আন্দোলনে নিহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যরা কায়রোর উপশহরে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখান থেকেই এ বিক্ষোভের সূচনা হয়।মিসরের জনগণ রাজনৈতিক সংস্কার এবং হোসনি মোবারক সরকারের শীর্ষ রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের দ্রুত বিচারের দাবিতে দিনদিন বিক্ষুব্ধ হয়ে উঠছে। আর এ বিক্ষোভ সামাল দিতে গিয়ে ক্ষমতাসীন সামরিক কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের সহিংসতায় এক হাজার ৩৬ জন আহত হয়। এদের মধ্যে ৪০ জন পুলিশও রয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষোভের ঘটনায় ৪০ জনকে আটক করা হয়েছে।ক্ষমতাসীন সামরিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এ ধরনের সহিংসতার কোনো অর্থ নেই। এটা শুধু মিসরের নিরাপত্তা বিনষ্ট করার ষড়যন্ত্র।