কায়রোতে বিক্ষোভ অব্যাহত
মিসরের ক্ষমতাসীন সেনাশাসকদের পদত্যাগের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে। গতকাল বুধবার রাতভর তাহরির স্কয়ার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশের এলাকায় দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হলেও আজ বৃহস্পতিবার এখন পর্যন্ত নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।এদিকে বিবিসি অনলাইন জানিয়েছে, গতকাল রাতভর তাহরির স্কয়ার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশের এলাকায় দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় গুলির শব্দ শোনা গেলেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, নিরাপত্তা বাহিনী কেবল টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। দেশটির সেনা কর্তৃপক্ষ বেসামরিক নেতৃত্বের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেও সে প্রস্তাব নাকচ করে দিয়েছে বিক্ষোভকারীরা।তাহরির স্কয়ারে সমবেত বিক্ষোভকারীরা বলেছে, মিসরের ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির এ প্রস্তাব যথেষ্ট নয়। বরং বিক্ষোভের অবসান ঘটাতে সবার আগে তাঁকেই পদত্যাগ করতে হবে।কায়রো থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, ছয় দিন ধরে চলতে থাকা সেনাশাসন-বিরোধী বিক্ষোভ ও সহিংসতার ফলে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন হুমকির মুখে পড়েছে। গত ফেব্রুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক-বিরোধী ১৮ দিনের আন্দোলনের পর এটা সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা বিক্ষোভ।ইতিমধ্যে মিসরের সাধারণ মানুষ নির্বাচনের বিষয়ে বিভক্ত হয়ে পড়েছে। দেশের স্বার্থে অনেকেই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। তবে অনেক বিক্ষোভকারী নির্বাচনের আগেই সেনা কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করেছেন। গতকালও তাহরির স্কয়ারে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। তবে বিক্ষোভকারীরা দাবি করেছে, পুলিশ তাদের লক্ষ্য করে সরাসরি গুলিও চালিয়েছে।এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্বীকার করেছে, গত শনিবার থেকে মিসর জুড়ে চলতে থাকা ছয় দিনের সহিংস সংঘর্ষে এ পর্যন্ত ৩৫ জন নিহত এবং তিন সাড়ে তিন হাজারেরও বেশি বিক্ষোভকারী আহত হয়েছে।সেনাশাসনের অবসান ঘটাতে গতকাল গণবিক্ষোভের ডাক দেয় আন্দোলনকারীরা। বিক্ষোভের জেরে সোমবার রাতে মিসরের মন্ত্রিপরিষদ পদত্যাগ করে।তাহরির স্কয়ারে সমবেত বিক্ষোভকারীরা ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির পদত্যাগ দাবি করছে। হোসনি মোবারকের পদত্যাগের পর তানতাবির নেতৃত্বেই সুপ্রিম কাউন্সিল ক্ষমতা গ্রহণ করে। তানতাবি দীর্ঘদিন ধরে মোবারক সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তীকালীন সেনাশাসকেরা ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে।