কায়রোতে সংঘর্ষে নিহত ৩, আহত ২৫৭
মিসরের রাজধানী কায়রোতে গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাশাসন-বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে তিন ব্যক্তি নিহত হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এখনো চলছে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে, গতকাল পার্লামেন্ট ভবনের বাইরে সেনাশাসন-বিরোধী বিক্ষোভকারীদের ক্যাম্প লক্ষ্য করে এক সেনাসদস্য গুলি ছুড়লে তিন ব্যক্তি নিহত হন। এ ছাড়া সেনাসদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫৭ জনেরও বেশি লোক আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।এর আগে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এর জবাবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে এবং তাদের বেদম প্রহার করে। এরপরই বিক্ষোভকারীদের ক্যাম্প লক্ষ্য করে এক সেনাসদস্য গুলি ছুড়লে তিন ব্যক্তি নিহত হন।গতকালের ঘটনার পর আজ শনিবার বিক্ষোভকারীরা আবারও কায়রোর রাজপথে ফিরে এসেছে। সেনাসদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে।প্রধানমন্ত্রী কামাল গানজুরি ও তাঁর মন্ত্রিসভার বৈঠক ঠেকাতেই বিক্ষোভকারীরা গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পার্লামেন্ট ভবন ও তার আশপাশের এলাকা দখল করে রেখেছে। বেসামরিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তারা দেশটির সামরিক কাউন্সিলের কাছে দাবি জানিয়েছে আসছে। এদিকে গতকালের সহিংসতার জন্য সেনা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দায়ী করেছে। এক বিবৃতিতে তারা এ সহিংসতাকে পার্লামেন্ট নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছে।