কায়রোর ইসরায়েলি দূতাবাস তছনছ, আহত ৪৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর ইসরায়েলি দূতাবাসে গতকাল শুক্রবার রাতে হামলা চালিয়েছে কয়েক শ বিক্ষোভকারী। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ৪৫০ জন আহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে।মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি চালিয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৪৫০ জন। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সংঘর্ষে ৪৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মিসরীয় বিক্ষোভকারীরা দূতাবাসের নথিপত্র ছুড়ে বাইরে ফেলে দেয় এবং দূতাবাস থেকে ইসরায়েলের জাতীয় পতাকা নামিয়ে ফেলেছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, দূতাবাসে এখন ইসরায়েলি পতাকার বদলে মিসরের পতাকা উড়ছে। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ছুড়ে ফেলা নথিগুলোর মধ্যে কিছু গোপনীয় নথিও রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মিসরের প্রধানমন্ত্রী এসাম শারাফ তাঁর মন্ত্রিসভার ক্রাইসিস টিমকে তলব করেছেন। আজ সকালে এই ক্রাইসিস টিমের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বসার কথা। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে সতর্ক ব্যবস্থায় রেখেছে এবং পুলিশ সদস্যদের সব ধরনের ছুটি বাতিল করেছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কায়রোকে ইসরায়েলি দূতাবাস রক্ষার আহ্বান জানিয়েছে। ইসরায়েল ওয়াশিংটনের সহায়তা চাওয়ার পর ওবামা এ আহ্বান জানান।মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আজ কায়রোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত, তাঁর পরিবার ও দূতাবাসের কর্মীরা নিজ দেশে ফিরে গেছেন।রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, কায়রোতে আজ সকালেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইসরায়েলি দূতাবাসের কাছে কমপক্ষে দুই হাজার বিক্ষোভকারী অবস্থান করছে। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে, পেট্রলবোমা নিক্ষেপ করে প্রতিবাদ অব্যাহত রেখেছে। এ ছাড়া তারা পুলিশের দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে।গত মাসে ইসরায়েলি সেনাদের হাতে পাঁচ মিসরীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার পর কায়রোর ইসরায়েলি দূতাবাসে দ্বিতীয়বারের মতো হামলা হলো। ইসরায়েলের দাবি, সীমান্তে বন্দুকধারী ধরতে অভিযান চালানোর সময় ওই মিসরীয়রা নিহত হয়েছিল।