কায়রোয় সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় নিহত ৯
মিসরের রাজধানী কায়রোয় আজ বুধবার ইসলামপন্থী বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় নয়জন নিহত হয়েছে। সামরিক শাসনের অবসানের দাবি ও প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থীর অংশ নেওয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে ইসলামপন্থীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি ও রয়টার্স এ কথা জানায়।মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ছয় দিন ধরে বেশ কিছু বিক্ষোভকারী অবস্থান করছিল। তাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে শতাধিক লোক আহত হয়।মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে পাঁচজন নিহত ও শতাধিক লোক আহত হওয়ার খবর জানায়। হামলাকারীরা লাঠিসোঁটা ব্যবহার করে এবং পাথর ও গুলি ছোড়ে।বিশ্লেষকদের মতে, ২৩ ও ২৪ মে প্রথম দফা ও জুনে অনুষ্ঠেয় দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সহিংসতা বিরূপ প্রভাব ফেলছে। একই সঙ্গে তা মিসরের শাসনব্যবস্থার গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে দুর্বল দিকটি তুলে ধরছে।