কায়সারের শারীরিক অবস্থার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী মো. কায়সারের শারীরিক অবস্থার প্রতিবেদন কারা কর্তৃপক্ষকে ৩০ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ নির্দেশ দেন। আজ কায়সারের আইনজীবী আবদুস সোবাহান তরফদার কায়সারের জামিনের আবেদন করলে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। গত ১৫ মে সুষ্ঠু তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কায়সারকে গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি গ্রেপ্তার রয়েছেন।ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ভেঙে গেলে কায়সার বিএনপিতে শাহ আজীজুর রহমানের নেতৃত্বাধীন দলের যুগ্ম মহাসচিব হন। এরপর এরশাদ ক্ষমতায় এলে কায়সার হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এ সময় প্রথমে তিনি জাতীয় পার্টির হুইপ ও পরে ১৯৮৯ সালে কৃষি প্রতিমন্ত্রী হন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরাজিত হন।