কায়ায় নারী শিল্পীর প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধনুকে সংযুক্ত তির। ছোড়ার অপেক্ষা মাত্র! উদ্দেশ্য দূরে যে শিংওয়ালা শক্তিশালী পশুটি দেখা যাচ্ছে, তাকে ঘায়েল করা। এই আত্মবিশ্বাস উপজাতি নারীর চোখে-মুখে। এর পাশেই একেবারে সাদামাটা পোশাকে আরেক উপজাতি নারী। চুল খোঁপা বাঁধা। হাতভরা সাদা চুড়ি, গলায় ঝিনুকের মালা, নজরকাড়া সাজ। পাশেই কোনো কোনো নারীর পরনে হাল আমলের পোশাক, বাহারি সাজসজ্জা।নারীদের আঁকা এসব বিচিত্র ও বর্ণিল চিত্রকর্ম শোভা পাচ্ছে গ্যালারি কায়ার দেয়ালে দেয়ালে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বনারী দিবস উপলক্ষে ১৭ জন নারী শিল্পীর অংশগ্রহণে ‘ফ্রিডম ইন ক্রিয়েটিভিটি’ শীর্ষক এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। উপস্থিত ছিলেন দেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। শিল্পীর ৮০তম জন্মদিনের আগে দিন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে।নারীর প্রাত্যহিক জীবনের কাজকর্ম, পুকুরঘাটে গোসল করা, চুল আঁচড়ানো, দোলনায় দোল খাওয়ার দৃশ্য চিত্রকর্মে দেখানো হয়েছে। পথশিশু সুফিয়ার হাতে এসে বসেছে তার প্রিয় পোষা পাখিটি। এসব দৃশ্যের পাশে এসেছে পুরুষশাসিত সমাজে নারী নির্যাতনের নির্মম চিত্রও। এই প্রদর্শনীতে ৩৪টি চিত্রকলা এবং চারটি ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। শিল্পীরা হলেন তাহেরা চৌধুরী, নাজলি লায়লা মনসুর, সাঈদা কামাল, ফরিদা জামান, নাইমা হক, তন্দ্রা দাশ, মাসুদা কাজী, আইভি জামান, দিলারা বেগম, ফারেহা জেবা, আতিয়া ইসলাম, কনক চাঁপা চাকমা, নাসিমা হক, তৈয়বা বেগম, সুলেখা চৌধুরী, নাজিয়া আন্দালিব ও মাকসুদা ইকবাল। প্রদর্শনীর পৃষ্ঠপোষক আমরা গ্রুপ। এ বছর গ্যালারি কায়ার সব প্রদর্শনীর পৃষ্ঠপোষকতাও করবে প্রতিষ্ঠানটি। ১৯ মার্চ পর্যন্ত বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত প্রদর্শনী চলবে।