কিংবদন্তি নায়িকা এলিজাবেথ টেলরের জীবনাবসান
হলিউডের কিংবদন্তি নায়িকা এলিজাবেথ টেলর ৭৯ বছর বয়সে আজ বুধবার মারা গেছেন। বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।এলিজাবেথ টেলর লস অ্যাঞ্জেলসের সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে গত ছয় সপ্তাহ চিকিত্সাধীন ছিলেন। মৃত্যুর সময় তাঁর সন্তানেরা উপস্থিত ছিলেন। তিনি অসাধারণ সৌন্দর্য, খ্যাতি ও ঐশ্বর্যের অধিকারী ছিলেন। তিনবার অস্কার পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে একটি বিশেষ অস্কার পেয়েছেন মানবিক কাজের জন্য।টেলর আটবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এর মধ্যে দুবার তিনি অভিনেতা রিচার্ড বার্টনকে বিয়ে করেন। কিন্তু নিজের ভগ্ন স্বাস্থ্য, ব্যর্থ প্রেম ও ব্যক্তিগত দুঃখ সব সময় তাঁকে তাড়া করেছে।টেলর লন্ডনে জন্ম গ্রহণ করেন। ১২ বছর বয়সে তিনি তারকা খেতাব পান। ১৮ বছরের মধ্যে তাঁর বিয়ে ও বিবাহ বিচ্ছেদ হয়। ১৯ বছর বয়সে তিনি ছায়াছবির দেবী এবং ২৬ বছর বয়সে বিধবা হন।টেলর ৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘বাটার ফিল্ড এইট’ (১৯৬০) এবং ‘হু ইজ এফরেইড অব ভার্জিনিয়া ওলফ’ (১৯৬৬) ছবির জন্য তিনি অস্কার পান। এ দুটি ছবিতে তিনি রিচার্ড বাটনের বিপরীতে অভিনয় করেন।জীবনের শেষ দিকে অনেক মানবিক বিষয় নিয়ে টেলর কাজ করেছেন। যার মধ্যে ছিল এইডসের ওপর গবেষণামূলক কাজে সাহায্য করা। এ জন্য তিনি বিশেষ অস্কার পুরস্কারও লাভ করেন।