রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অবস্থিত কিংস কলেজ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ছয় মাসের মধ্যে কলেজটি অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। ১১৫ সেগুনবাগিচা সোসাইটিতে কিংস কলেজটি অবস্থিত। আবাসিক এলাকায় কলেজ প্রতিষ্ঠা না করার নির্দেশনা চেয়ে সোসাইটির সভাপতি এ কে এম জব্বার ফারুকসহ ১০ জন বাসিন্দা হাইকোর্টে রিট আবেদন করেন। এতে বলা হয়, ‘আবাসিক এলাকায় কলেজ চালু হলে যানজট সৃষ্টি হবে ও পরিবেশ দূষিত হবে। এতে এলাকার বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হবে।’ রিটের প্রাথমিক শুনানির পর গত ১৯ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। আর রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট আজ মঙ্গলবার রায় দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী রফিক-উল হক ও আজিজুল হক মামলাটি পরিচালনা করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।এ ব্যাপারে আজিজুল হক প্রথম আলোকে বলেন, আবাসিক এলাকায় কিংস কলেজ প্রতিষ্ঠা করা বেআইনি ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে ছয় মাসের মধ্যে কলেজটি সরিয়ে নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং কিংস কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।