কিউবায় অনশনকারী ফারিনাস মৃত্যুর দ্বারপ্রান্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনশনরত কিউবার এক রাজনৈতিক ভিন্নমতাবলম্বী যেকোনো সময় মারা যেতে পারেন। তাঁর চিকিত্সকদের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ রোববার এ তথ্য জানায়। অসুস্থ রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে গুইলার্মো ফারিনাস (৪৮) গত ফেব্রুয়ারি মাস থেকে অনশন করে আসছেন। তাঁকে হাসপাতালে শিরাপথে খাদ্য দেওয়া হচ্ছে, কিন্তু চিকিত্সকেরা বলছেন, তাঁর শিরায় এমন একটি রক্তপিণ্ড তৈরি হয়েছে, যার ফলে তিনি মারা যেতে পারেন। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়, যদিও এগুলো সাধারণত ভিন্নমতাবলম্বীদের প্রতিবাদকে উপেক্ষা করে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্রানমা পত্রিকা ফারিনাসকে চিকিত্সা প্রদানকারীদের প্রধান আর্মান্দো কাবাল্লেরোর এক সাক্ষাত্কার প্রকাশ করে। কাবাল্লেরো বলেন, ফারিনাস সান্তা ক্লারায় তাঁর বাড়িতে অজ্ঞান হয়ে পড়ার পর গত ১১ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিরাপথে খাবার খাওয়ানোর ফলে ইতিমধ্যে তাঁর ওজন বরং কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু কাবাল্লেরো জানান, গত সপ্তাহে তাঁর ঘাড়ে একটি রক্তপিণ্ড তৈরি হয়, যা তাঁর হূদযন্ত্রে রক্তের প্রবাহ বন্ধ করে দিতে পারে। কাবাল্লেরো গতকাল শনিবার বলেন, ‘আজ এই রোগীর মৃত্যুর সম্ভাবনা খুব বেশি, কারণ তা ওই রক্তপিণ্ডের ওপর নির্ভর করছে।... আমরা একদম শেষ প্রান্তে আছি।’কাবাল্লেরো আরও বলেন, ফারিনাস একটি সংক্রমণেও ভুগছেন, ফলে তাঁকে আর শিরাপথে খাবার খাওয়ানো অসম্ভব হয়ে উঠতে পারে। কিন্তু তিনি বলেন, তিনি তাঁকে জোর করে খাবার খেতে বাধ্য করবেন না, যেহেতু তা চিকিত্সার নীতিমালারবিরোধী। ফারিনাস একজন মনোবিজ্ঞানী, যিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের নিয়ন্ত্রণ উপেক্ষা করে কিউবার ওপর প্রতিবেদন লেখেন।ওরলান্দো জাপাতা তামায়া নামে আরেকজন ভিন্নমতাবলম্বী জেলে বন্দী থাকা অবস্থায় অনশন ধর্মঘট করে মারা যাওয়ার পর ফারিনাস ২৮ ফেব্রুয়ারি থেকে জল বা খাবার কিছুই খাচ্ছেন না। তিনি ২৬ জন অসুস্থ রাজনৈতিক বন্দীর মুক্তি দাবি করছেন।