কিউবায় ক্যানসারের চিকিত্সা নিচ্ছেন শাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ জানিয়েছেন, কিউবায় তিনি ক্যানসারের চিকিত্সার নিচ্ছেন। এ লক্ষ্যে তাঁর শরীরে সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পথে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।গত ১০ জুন কিউবায় যাওয়া ও অস্ত্রোপচারের পর এ প্রথম তিনি জাতির উদ্দেশে ভাষণ দিলেন। তবে তিনি কখন ফিরবেন তা ওই ভাষণে জানাননি এবং তাঁর এই অনুপস্থিতিতে কে দেশে নেতৃত্ব দেবেন তা-ও পরিষ্কার করে বলেননি। তিনি জানান, চিকিত্সকেরা তাঁর শরীরে ক্যানসারের টিস্যুসহ টিউমারের উপস্থিতি নিশ্চিত করেন। সেটি পুরোপুরি দূর করতে তাঁর দেহে আরও একটি অস্ত্রোপচার দরকার। শাভেজ তাঁর ভাষণে ভেনেজুয়েলার জনগণ ও অন্য ভ্রাতৃপ্রতিমদের ঐক্যের প্রশংসা করেন। বিশ্লেষকেরা বলছেন, শাভেজের দীর্ঘ অনুপস্থিতি তাঁর মিত্র ও সমর্থকদের মধ্যে অনৈক্য, হতাশা ও ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। তাঁদের ধারণা, আসন্ন ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় শাভেজ অংশ নিতে পারবেন কি না, তা তাঁর ভাষণ থেকে স্পষ্ট নয়।শাভেজের ভাষণের পরই তাঁর মন্ত্রিপরিষদের সদস্যরা এক যৌথ বিবৃতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকার ৫ ও ৬ জুলাই অনুষ্ঠেয় ভেনেজুয়েলার ২০০ বছর পূর্তির অনুষ্ঠান বাতিল করেছে।