কিউবায় পার্লামেন্ট নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় আজ রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ৬১২ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলির এই নির্বাচনকে প্রহসন বলে অভিহিত করেছেন দেশের সরকারবিরোধী ও ভিন্নমতাবলম্বীরা। তাঁরা বলছেন, এটা এক পক্ষের নির্বাচন। কেবল কমিউনিস্টরাই এ নির্বাচনে লড়ছেন। কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আশা করছে, ৮০ লাখ ভোটারের মধ্যে ৯০ শতাংশ এ নির্বাচনে ভোট দেবে। স্থানীয় সময় সকাল সাতটায় ভোট নেওয়া শুরু হবে। ভোট শেষ হবে সন্ধ্যা ছয়টায়। এবারের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে এক-তৃতীয়াংশই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই সমালোচনা সত্ত্বেও এই নির্বাচন দেশটিতে পরিবর্তন আনবে বলে আশা করছেন বিশ্লেষকেরা।পার্লামেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর মেয়েও প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন পার্লামেন্টে তিনি গুরুত্বপূর্ণ পদ পাবেন বলে ধারণা করা হচ্ছে। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর ২০০৮ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন রাউল। এবারের নির্বাচনেও তিনি জয়ী হয়ে দ্বিতীয় দফায় কিউবার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধারণা করছেন পর্যবেক্ষকেরা।