কিউবায় বিনিয়োগ করবে ইরান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল বুধবার কিউবায় দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাত্ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিউবায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইরান।ইরান তাদের তৈরি গাড়ি ও ট্রেনের মাধ্যমে কিউবার যোগাযোগব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে।লাতিন আমেরিকার বামপন্থী সরকারগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের পদক্ষেপ হিসেবে আহমাদিনেজাদ দেশগুলোতে সফর করছেন। তবে গতকাল রাজধানী তেহরানে বোমা হামলায় নিহত পরমাণুবিজ্ঞানীর বিষয়ে কোনো কথা হয়নি ওই বৈঠকে। ইরানের ওপর পশ্চিমা বিশ্বের দেশগুলোর ধারাবাহিক অবরোধের পরিপ্রেক্ষিতে আহমাদিনেজাদ লাতিন আমেরিকার দেশগুলোতে সফরে গিয়েছেন।

আহমাদিনেজাদ কাল বুধবার থেকে লাতিন আমেরিকায় তাঁর সফরের তৃতীয় দেশ কিউবা সফর করছেন। ইকুয়েডর সফর শেষে তিনি দেশে ফিরবেন। পশ্চিমা বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক অবরোধের কারণে একঘরে হয়ে পড়ছে ইরান। আহমাদিনেজাদ ইরানের প্রতি সমর্থন আদায়ে লাতিন আমেরিকার চারটি দেশ ভেনেজুয়েলা, নিকারাগুয়া, কিউবা ও ইকুয়েডর সফরে গিয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁর ইকুয়েডর পৌঁছানোর কথা।যুক্তরাষ্ট্রের চরম বিরোধী লাতিন আমেরিকার এই চারটি দেশ প্রাথমিকভাবে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন ঘটেছে দেশগুলোর। ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতিও সমর্থন জানায় তারা।