কিউবায় মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনায় পোপ (ভিডিও)
কিউবার ওপর বিগত ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। তিন দিনের কিউবা সফর শেষে ফিরে যাওয়ার সময় গতকাল বুধবার হাভানার বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।ক্যাথলিক ধর্মগুরু পোপ বেনেডিক্ট বলেন, এ ধরনের অর্থনৈতিক পদক্ষেপ কিউবার জনগণের ওপর অযৌক্তিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি দেশটির জনগণের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। পোপ বলেন, তিনি চান কিউবা এমন একটি সমাজে পরিণত হোক যেখানে কেউ মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত না হয়। বিমানবন্দরে পোপকে বিদায় জানাতে এ সময় তাঁর সঙ্গে ছিলেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো।এর আগে গতকাল বুধবার কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করেন পোপ বেনেডিক্ট। এরপর হাভানায় বিপুল সংখ্যক মানুষের সামনে উত্সব উদযাপন করেন তাঁরা।১৯৫৯ সালে কিউবা বিপ্লবের পর থেকে বিভিন্ন সময় দেশটিতে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।