কিউবায় স্যান্ডির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলেছেন, হারিকেন স্যান্ডি কিউবার পূর্বাঞ্চলীয় প্রদেশ সান্তিয়াগোতে প্রচণ্ড আঘাত হেনেছে। কিউবা অতিক্রম করার সময় এ ঘূর্ণিঝড়ের আঘাতে ১১ জনের মৃত্যু হয়। ঝড়ে প্রায় দুই লাখের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রেসিডেন্ট কাস্ত্রো দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগোতে ঝড়ের এই আঘাতকে বোমা হামলার সঙ্গে তুলনা করে ক্ষতিগ্রস্ত সবাইকে হতাশ না হতে আহ্বান জানান। তিনি বলেন, কাউকে নিঃস্ব হতে দেওয়া হবে না।দুর্গত এলাকা পরিদর্শন করার সময় কাস্ত্রো ক্ষতিগ্রস্ত লোকজনের উদ্দেশে বলেন, ‘৫০ বছর ধরে লড়াকু জাতি হিসেবে আমরা বিশ্বের কাছে স্বীকৃত। এই বিরূপ পরিস্থিতি মোকাবিলার মতো সামর্থ্য আমাদের জনগণের আছে। আপনারা দুর্যোগের যে ছবি দেখতে পাচ্ছেন, প্রকৃত অবস্থা তার চেয়ে ভয়াবহ।’জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, স্যান্ডির আঘাতে কিউবার পূর্বাঞ্চলের প্রায় এক লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।দেশটির ভাইস প্রেসিডেন্ট হোসে রেমন মাচাদো বলেন, সামনের দিনগুলোতে দুর্যোগকবলিত এলাকায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিউবায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য উত্পাদিত না হওয়ায় বেশির ভাগ অংশই আমদানি করতে হয়।