কিউবির ছয় কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেডের (কিউবি) বিদেশি ছয় কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহাদত হোসেন এ আদেশ দেন।জয়েন্ট স্টক কোম্পানিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পৃথক দুই মামলায় গত ২০ মার্চ ওই কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা সমন জারি করেন আদালত। আজ আসামিরা আদালতে হাজির না হওয়ায় বিচারক পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৬ মে পরবর্তী তারিখ ধার্য করেন।যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়, তাঁরা হলেন কিউবির চেয়ারম্যান সঞ্জীব আহুজা, পরিচালক ডেমিয়েন রিড, মার্টিন হ্যারিম্যান, পল গ্রেগরি ফ্রাঙ্কলিন, স্টিফেন জেরার্ড অলিভ ও ইমরান হোসেইন।এ মামলার অন্য দুই আসামি প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি মবস, কোম্পানি-সচিব ফয়সাল হায়দার হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বলে আদালতে তাঁদের আইনজীবীরা জানান। ফয়সাল হায়দার ছাড়া বাকি সবাই বিদেশি নাগরিক। দুই মামলাতেই এই আট জনকে আসামি করা হয়েছে।গত ২০ মার্চ বাংলাদেশে কিউবির ৩০ শতাংশ শেয়ারের মালিক টেলিপোর্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষে কোম্পানি সেক্রেটারি নুরুল আবছার আদালতে পৃথক দুটি নালিশি মামলা করেন। কোম্পানি আইনে করা পৃথক দুই মামলার একটিতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আইন ভঙ্গ করে জয়েন্ট স্টক কোম্পানিতে দেওয়া বিভিন্ন প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়েছেন।অন্য মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ২০০৯ সালের ব্যালান্সশিট এবং লাভক্ষতির হিসাব অনুমোদন না করিয়েই তা জয়েন্ট স্টক কোম্পানিতে দাখিল করা হয়েছে।২০০৮ সালে বিটিআরসির কাছ থেকে ওয়্যারলেস ব্রডব্যান্ড ওয়াইম্যাক্স লাইসেন্স পাওয়ার পরের বছর ঢাকায় কার্যক্রম শুরু করে কিউবি।