কিছু একটা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় বিক্ষোভ-সহিংসতায় আটকে পড়ে ভীষণ কষ্টে আছেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁরা দেশে পরিবারের কাছে এবং সংবাদমাধ্যমে ফোন করে কান্নাকাটি করছেন। তাঁদের আকুতি, দেশে ফেরার ব্যাপারে সরকার যেন দ্রুত একটা ব্যবস্থা নেয়।প্রবাসীরা বলছেন, তাঁদের খাবার শেষ হয়ে গেছে। পানি খেয়ে কোনো রকম বেঁচে আছেন। অনেক স্থানে পানিও নেই। হাতে নেই অর্থ। নিরাপদ স্থানে যাওয়ার উপায়ও নেই। তাঁদের দুর্দশার খবর জানতে পেরে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনেরা। বন্ধ হয়ে গেছে পরিবারের সদস্যদের নাওয়া-খাওয়া।প্রবাসী বাংলাদেশিদের উদ্ধারে সরকারের পক্ষ থেকে তেমন কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন অনেক স্বজন। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দারা গতকাল জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্বজনেরা প্রবাসীদের উদ্ধারে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজাত ইউনিয়নের বেপারীকান্দি গ্রামের ছেলে লিবিয়ায় আটকে পড়া শ্রমিক জসিম মিয়া ফোনে জানান, তাঁরা একটি পাহাড়ের ওপর আছেন। খাবার শেষ হয়ে গেছে। কোথাও যেতেও পারছেন না। তিনি বলেন, ‘আমাগো বাঁচান। আমরা আর বাঁচতে পারতাছি না।’শ্রমিক আবদুস সালাম বলেন, ‘আমরা এক ক্যাম্পে ৫৫০ জন বাংলাদেশি আটকা আছি। আমি পুলিশের লাইন চুরি কইরা ফোন করতাছি। বিক্ষোভকারীরা এলাকার ৮-১০ বাংলাদেশিগো মাইরা ফেলছে। দুই নার্সরে তুইলা নিয়া গেছে। আমরা না খাইয়া রইছি। দোকানপাট ব্যবসা-বাণিজ্য সব বন্ধ। সব জায়গায় গোলাগুলি চলতাছে। আমাগো অবস্থা খুব খারাপ।’নেত্রকোনার আটপাড়া উপজেলার সুনুই গ্রামের হাসান ইকবাল জানান, তাঁর ছোট ভাই আল হাসান ফারুকসহ আট বাংলাদেশি শ্রমিক লিবিয়ার মিসরাতা জেলার সেরতাওয়াগা এলাকার একটি ভবনের কক্ষে আটকা পড়েছেন। বের হওয়ার সুযোগ নেই। খাবারের সংকটও প্রকট। অর্থও ফুরিয়ে গেছে। বর্তমানে তাঁদের অবস্থা খুবই শোচনীয়।বাংলাদেশিদের সাহায্যে কেউ এগিয়ে আসছে না: লিবিয়ার বেনগাজি শহরের ‘সিএসিসি’ নামের চীনা একটি কোম্পানিতে লালমনিরহাট, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, বগুড়া, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার পাঁচ শতাধিক শ্রমিক আটকা পড়েছেন। এঁদের একজন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামাপুর ইউনিয়নের খেংটি গ্রামের জুয়েল মিয়া। অন্য শ্রমিকদের সঙ্গে তিনিও লিবিয়ার সমুদ্রপারে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। মুঠোফোনে তিনি পরিবারকে জানিয়েছেন, কোম্পানির লোকজন ত্রিপোলির গাংক্ষুদা এলাকার সমুদ্র চরের আশ্রয়কেন্দ্রে তাঁদের রেখে পালিয়ে গেছে। তাঁদের পাসপোর্ট-ভিসা কোম্পানির কাছে। চার মাসের বেতন-ভাতাও পাওনা আছে। জুয়েল জানান, বিক্ষোভকারীরা তাঁদের দুই দিনের মধ্যে সরে যেতে বলেছে। সেখান থেকে অন্য দেশের শ্রমিকদের সরিয়ে নেওয়া হলেও বাংলাদেশিদের সাহায্যে কেউ এগিয়ে আসছে না। ত্রিপোলি থেকে ৬০ কিলোমিটার দূরে জাওয়াইয়া টিসিং হাসপাতালে ১০ জন সেবিকাসহ ২৫ জন বাংলাদেশি আটকা পড়েছেন। হাসপাতালের সেবিকা হবিগঞ্জের মাধবপুর উপজেলার দাসপাড়া গ্রামের আতাউর রহমানের স্ত্রী আয়েশা আক্তার জানান, তাঁরা খুব বিপদে আছেন। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাননি।‘কোলের বেটাক কোলে ফেরত চাই’: পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বুবরাখালী গ্রামের প্রবাসী শ্রমিক মুক্তার হোসেনের মা মমতাজ বেগম বলেন, ‘আমরা টেকা-পয়সা কিছুই চাইনে। কোলের বেটাক কোলে ফেরত চাই।’ একই ইউনিয়নের ধোপখোলা গ্রামের মহরমের মা হেলেনা খাতুন বলেন, ‘সরকার ইচ্ছে করলি আমারে বুকের ধন বুকে ফিরে দিবের পারে। আমরা সবকিছুর বিনিময়ে হলিও আমরে সন্তানগেরে ফেরত চাই।’সংবাদ সম্মেলন করতে এসে স্বজনদের কান্না: প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে গতকাল চাঁপাইনবাবগঞ্জ পাঠানপাড়ায় বিএনপির উপজেলা ও পৌর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শ্রমিকদের আত্মীয়স্বজন। সংবাদ সম্মেলন শুরুর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন পঞ্চাশোর্ধ্ব রোকেয়া বেগম। এরপর একে একে অন্যরাও কাঁদতে থাকেন।রোকেয়া বেগম জানান, চড়া সুদে ঋণ নিয়ে তাঁর একমাত্র সন্তান সেলিম রেজাকে দেড় বছর আগে লিবিয়া পাঠিয়েছিলেন। কিন্তু এখন আর তিনি টাকা চান না। শুধু ছেলেকে জীবিত ফেরত চান। প্রয়োজনে নিজের শেষ সম্বল ভিটেমাটি বেচে ঋণ শোধ করবেন।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ, ভৈরব ও চাঁপাইনবাবগঞ্জ, পাবনা অফিস, মাদারীপুর (শিবচর), কমলগঞ্জ (মৌলভীবাজার), মাধবপুর (হবিগঞ্জ), ত্রিশাল (ময়মনসিংহ) ও পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি]