কিছু কাজ মাঠপর্যায়ে নিষ্পত্তির নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রে কাজের চাপ কমাতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্র নীতিনির্ধারণ করবে। আর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেসব নীতি অনুযায়ী কাজের নিষ্পত্তি হবে। তিনি বলেন, নিয়োগ-বদলি, ছুটি, পেনশন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, ভূমি অধিগ্রহণসহ অনেক কাজ রয়েছে, যাতে কেন্দ্রের অনুমোদন প্রয়োজন নেই।কোন কাজ কোন পর্যায়ে নিষ্পত্তিযোগ্য, তা নির্ধারণ করতেও মন্ত্রণালয় বা বিভাগের সচিবদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।প্রধানমন্ত্রী আবারও বলেছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আইন ও বিধিবিধানের অজুহাত দেওয়া বরদাশত করা হবে না। কোনো আইন বা বিধান যদি বাধা হয়, সে ক্ষেত্রে তা সংশোধন ও পরিবর্তন করতে হবে।গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সচিবদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ প্রথা অনুযায়ী সূচনা বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর প্রশাসন ও সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ, পানিসম্পদসচিব শেখ মো. ওয়াহেদুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ, বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ, পরিকল্পনাসচিব হাবিবুল্লাহ মজুমদার, সংস্কৃতিবিষয়ক সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, সমাজকল্যাণসচিব কামরুন্নেছা খানম, মহিলা ও শিশুবিষয়ক সচিব রাজিয়া বেগম, বেসামরিক বিমান পরিহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জ্বালানিসচিব মেসবাহ উদ্দিন, বাণিজ্যসচিব গোলাম রহমান ও সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন বক্তব্য দেন।সচিবেরা চাকরি থেকে অবসরের বয়স বাড়ানো এবং আদালত অবমাননা আইন প্রণয়নের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, অবসরের বয়স বাড়ানোর পক্ষে-বিপক্ষে দুই রকম যুক্তি আছে। বয়স বাড়ানো হলে চাকরির সুযোগ সংকুচিত হবে। তবে বয়স বাড়ানো নিয়ে যে চিন্তাভাবনা বা আলোচনা হচ্ছে, তা চলতে পারে। এ ছাড়া আদালত অবমাননা আইনের বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নিষ্পন্ন হবে। তিনি বলেন, আদালত অবমাননা হলে যেমন শাস্তির প্রয়োজন আছে, আবার অকারণে কেউ হয়রানির শিকার হবে, সেটাও বন্ধ করার আইনি সুযোগ থাকা দরকার।সূত্র জানায়, সভায় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, জঙ্গিবাদ প্রতিরোধে ভূমিকা রাখা, বন্যা-দুর্যোগে ক্ষতি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, সব শিশুকে স্কুলে আনা, নিরক্ষরমুক্ত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, শিশু ও নারীর উন্নয়ন, সব কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং ডে কেয়ার সেন্টার নির্মাণ, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সময়ক্ষেপণ বন্ধ করা, বিদ্যুৎ উন্নয়ন, গ্যাসের প্রাপ্তি নিশ্চিত করতে কয়লা উত্তোলনে পরিবেশবান্ধব উপায় নির্ধারণ, উপকূলে সব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স (যা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত হবে), সরকারি কর্মচারী হাসপাতাল নির্মাণ, কর্মচারীদের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে আবাসিক ভবন নির্মাণ, আমলাতন্ত্রের দক্ষতা বাড়ানোসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়। দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসনের জন্য জনপ্রশাসন আইন বা সিভিল সার্ভিস অ্যাক্ট তৈরির কথাও জানানো হয় সভায়।জানা যায়, স্নাতক শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার বিষয়ে সভায় বিকল্প মতামত এসেছে। আগে সরকারিভাবে এ কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছিল। কিন্তু রাষ্ট্রীয় সম্পদের সীমাবদ্ধতার কথা ভেবে গতকালের সভায় ট্রাস্টির মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।সভায় জানানো হয়, গত অর্থবছরে উন্নয়ন প্রকল্পের ৯১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। যা টাকার অঙ্কে গত বছরের তুলনায় ছয় হাজার কোটি টাকা বেশি। একইসঙ্গে বাস্তবায়ন সক্ষমতা বেড়েছে ৩২ শতাংশ। প্রধানমন্ত্রী অবশ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার শতভাগে উন্নীত করা এবং কর্মকর্তাদের প্রকল্প পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে প্রতিষ্ঠা করা হয়েছে, এখন সে অবস্থা নেই। জঙ্গিবাদ দমনে সরকারের প্রচেষ্টায় সচিবদের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।প্রধানমন্ত্রী আন্তমন্ত্রণালয়ের সমন্বয়ের ওপর জোর দিয়ে বলেন, যেসব কাজে একাধিক মন্ত্রণালয়ের সম্পৃক্ততা রয়েছে, সেসব মন্ত্রণালয়কে দ্রুততার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। খাদ্য নিরাপত্তায় চার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে এক কোটি ৮২ লাখ কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে। রমজান মাসে কোনো কোনো মহল কৃত্রিম সংকট তৈরি করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে পারে আশঙ্কা ব্যক্ত করে প্রধানমন্ত্রী সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। তিনি তেল, ডাল, ছোলাসহ রমজান মাসের প্রয়োজনীয় দ্রব্য টিসিবির মাধ্যমে দ্রুত আমদানি করে বাজারজাত করতে নির্দেশ দেন।প্রকল্প পরিচালক নিয়োগে সতর্কতা অবলম্বন এবং পরিচালকদের কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়। সরকারি-বেসরকারি অংশীদারের (পিপিপি) আওতায় এবারের বরাদ্দ দেওয়া তিন হাজার কোটি টাকা কীভাবে ব্যবহার করা যাবে, তা দ্রুত নির্ধারণ করে বাস্তবায়নের কথাও বলেন প্রধানমন্ত্রী।ব্রিফিং: প্রায় সোয়া তিন ঘণ্টার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ বৈঠকের বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী প্রশাসনের দক্ষতায় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনাও দিয়েছেন। যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সার্বিকভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী।মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী শূন্য পদে জনবল নিয়োগ দ্রুত শেষ করারও তাগিদ দিয়েছেন।প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী সব সচিবকে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে বলেছেন।