হত্যা, গুম ও নিখোঁজ প্রসঙ্গে মিজানুর রহমান
কিছু ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা পেয়েছি
হত্যা, গুম ও নিখোঁজের ‘দু-একটি ঘটনায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তবে তিনি নির্দিষ্ট করে কোনো ঘটনার উল্লেখ করেননি।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘অধিকার’ ও ফিনল্যান্ডের মানবাধিকার ও উন্নয়নবিষয়ক সংগঠনের জোট ‘এনজিও ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস কিওস’ আয়োজিত এক পরামর্শ সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। নারীর প্রতি সহিংসতা রোধবিষয়ক ওই সভার প্রধান অতিথি ছিলেন তিনি।মিজানুর রহমান এ সময় বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত আছেন এমন ঘটনা তদন্তের এখতিয়ার কমিশনের নেই। তবে বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর এ বিষয়ে সরকারি কর্তৃপক্ষের উদাসীনতা দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।হত্যা, গুম ও নিখোঁজের ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন কী করছে—এমন প্রশ্নে মিজানুর রহমান বলেন, ‘দু-একটি ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত আছেন এমন ঘটনা তদন্ত করে দেখার কোনো এখতিয়ার কমিশনের নেই। তাই কোনো কোনো ক্ষেত্রে সত্যানুসন্ধানের মধ্যেই কমিশনকে সীমাবদ্ধ থাকতে হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়বদ্ধতা বা শিথিলতা আছে এমন ক্ষেত্রে কমিশন সুনির্দিষ্ট কিছু সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করেছে।’ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান বলেন, ‘ঘটনার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ইলিয়াস আলীর বাসায় গেছেন। প্রধানমন্ত্রী সব কটি সংস্থাকে দায়িত্ব দিয়েছেন ইলিয়াস আলীকে উদ্ধারের বিষয়ে। এ ক্ষেত্রে সরকারের কোনো উদাসীনতা দেখতে পাচ্ছি না।’ তিনি এ ঘটনার ‘দ্রুত ও সঠিক’ তদন্তের আহ্বান জানান।মিজানুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার ঘটনা অনেকভাবে ঘটে থাকতে পারে। কেউ স্বেচ্ছায় লোকচক্ষুর অন্তরালে চলে যেতে পারেন, কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে অপহরণ ও গুমের ঘটনা ঘটতে পারে। রাষ্ট্রের দায়িত্ব এ ধরনের অপরাধীদের খুঁজে বের করা। তবে রাষ্ট্র যদি নিজেই অপরাধে জড়িয়ে পড়ে, সেটি আরও খারাপ দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান একই সঙ্গে বিরোধী দলের প্রতি লাগাতার হরতাল না দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, একটি অধিকার রক্ষা করতে গিয়ে যেন আর একটি অধিকার খর্ব না হয় সেদিকে লক্ষ রাখা উচিত। এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান। সাগর-রুনির বিষয়ে পুলিশের সমালোচনা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে আদালতে পুলিশের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, একটি দেশের তদন্তকারী সংস্থা যখন বলে তারা ব্যর্থ, তখন মানুষের আস্থা চলে যায়। কেন তারা ব্যর্থ হলো, খতিয়ে দেখা প্রয়োজন। তিনি এ জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।