কিছু ঘটনায় র্যাবের তুলনামূলক সাফল্যে কালিমা লেগেছে: মজিনা
অতীতের কিছু ঘটনায় সন্ত্রাসবাদ ও অপরাধীর বিরুদ্ধে র্যাবের তুলনামূলক সাফল্যে কালিমা লেগেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। র্যাব সদর দপ্তরে আজ বুধবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।র্যাব ও যুক্তরাষ্ট্রের যৌথ তত্ত্বাবধানে গত ২৭ নভেম্বর থেকে ছয় সপ্তাহব্যাপী অভ্যন্তরীণ তদন্ত সেল ফাউন্ডেশন কোর্সের আজ ছিল সমাপনী অনুষ্ঠান। এই ফাউন্ডেশন কোর্সে ১৯ জন র্যাব কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা প্রশিক্ষণ গ্রহণকারী র্যাবের ১৯ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘অতীতের কিছু ঘটনায় সন্ত্রাসবাদ ও অপরাধীর বিরুদ্ধে র্যাবের তুলনামূলক সাফল্যে কালিমা লেগেছে। আপনারা র্যাবের সেই অধ্যায়ের সমাপ্তি এবং নতুন একটি অধ্যায়ের উন্মোচনের চাবিকাঠি।’ মজিনা আরও বলেন, ‘যখন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন, তখন আপনাদেরকে হয়তো অন্যদিকে মুখ ফিরিয়ে রাখতে বলা হতে পারে। অনেকেই আপনাদের বলবে, একটি বিচারবিহীন ব্যবস্থার চেয়ে রাস্তার বিচারই উত্তম। আপনারা এসব সহজ কথায় প্রলোভিত হবেন না।’অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এবং র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।