কিছু চাই না, শুধু সুস্থভাবে ফিরে আসুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো খুনসুটিতে মাতি‘আমরা তিন ভাইবোন। মেজো হচ্ছে মুসা। বরাবরই ও চুপচাপ, শান্ত স্বভাবের। সে কারণে ছোট ভাইয়ের সঙ্গে বেশি মিল আমার। হাসি-ঠাট্টা সবই ওর সঙ্গে হয়। ও অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে। কিন্তু মুসা পিঠাপিঠি হওয়াতে ঝগড়াঝাঁটি, মারামারি ছোটবেলা থেকেই লেগে থাকত। বড় হওয়ার পরও অভ্যাস বদলায়নি। আমাদের দুজনেরই সন্তান হয়েছে। তবে শিশুসুলভ আচরণ রয়ে গেছে। এখনো একসঙ্গে হলেই খুনসুটিতে মাতি। ছোটবেলায় আমি বেশি মার খেতাম। এখন ও খায়। কে বলবে আমরা বড় হয়েছি।’ বলেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের বড় বোন নূর আয়েশা। ভাইয়ের সাফল্য বোনকে আনন্দের সাগরে ভাসিয়েছে। ‘ছোট ভাইটা বিদেশ যাওয়ার পর মুসার সঙ্গে সম্পর্কটা আরও ভালো হয়েছে। যেকোনো সমস্যায় পড়লে আমরা আলোচনা করি। পারিবারিক সব সিদ্ধান্ত ওর সঙ্গে কথা বলেই নিই। সেভাবে কখনো কোনো আবদার করেনি ও আমার কাছে। এবার যখন শেষ মুহূর্তে পুরো টাকাটা জোগাড় করতে পারল না, তখনই আমাকে বলে, টাকা দিতে পারব কি না। আমিও রাজি হয়ে গেলাম। মনে হয়েছে, সব মানুষ স্বপ্ন পূরণ করতে জানে না। ও গতানুগতিক কোনো স্বপ্ন দেখেনি। সে কারণে স্বপ্নপূরণের পথটাও সহজ ছিল না। আমার সামান্য সহযোগিতা যদি ভাইয়ের স্বপ্নপূরণের ধাপকে এগিয়ে নিয়ে যায়, তাতে আমার থেকে খুশি আর কে হবে। এদিকে আম্মা তখন আমার সঙ্গে সুদানে থাকত। সারাক্ষণ কান্নাকাটি করত। তাকেও সামলিয়ে রাখতে হতো। শেষ পর্যন্ত ভাইটার স্বপ্ন পূরণ হয়েছে। এতেই খুশি। এতেই গর্বিত।’ কিছুই আর চাওয়া নেই, ও সুস্থ্যভাবে ফিরে আসুক।গর্বে ভরে গেছে মনটা‘একবার দিনাজপুরের রামসাগরে বনভোজনে গিয়েছিলাম। সবাই আনন্দ-আড্ডায় ব্যস্ত। হঠাত্ খেয়াল হলো, মুসাকে অনেকক্ষণ ধরে দেখছি না। খুঁজতে শুরু করলাম। কোথাও নেই ও। আমার তো তখন পাগলপ্রায় অবস্থা। কাঁদতে শুরু করেছি। পরে মাইকে হারানো বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা দেওয়া হলো। দিনশেষে সন্ধ্যা নেমেছে। দেখলাম, পাশের পাহাড়ের ধার ঘেঁষে ও হেঁটে আসছে। বলল, এখানকার হইচই ওর ভালো লাগছিল না, তাই হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে চলে গিয়েছিল। সারা দিন পাহাড়েই ছিল। আমার সেই ছোট্ট ছেলেটি আজ যেনতেন পাহাড় নয়, এভারেস্টের চূড়ায় উঠেছে। এখন ভালোয় ভালোয় নেমে আসুক, এটাই আমাদের একমাত্র চাওয়া।’ জানান বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের মা বিলকিস বেগম। তিনি বলেন, ‘কখনোই আমার এ বিষয়ে সায় ছিল না। মায়ের মন তো। এমন ঝুঁকির কাজে কোন মা সন্তানকে যেতে বলে! এবার যখন ও যায়, আমি দেশে ছিলাম না। বড় মেয়ের সঙ্গে সুদানে ছিলাম। ওখান থেকেই ফোনে কথা বলেছি। মধ্যে কয়েক দিন ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। খুব চিন্তায় কেটেছে দিনগুলো। আমার মেয়ে আর বউমা মিলে আমাকে বোঝাত। সান্ত্বনা দিত। তাতে কি মন মানে? সেই ছোট্ট মুসা শুধু আমাদের জন্য নয়, দেশের জন্য সুনাম বয়ে এনেছে। সব সময় বলত, “মা, কেঁদো না, আমার জন্য শুধু দোয়া কোরো।” সত্যিই ছেলের এই সাফল্যে গর্বে মনটা ভরে গেছে।’ — তৌহিদা শিরোপা