কিছু ছবি সাজানো: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেছেন, গণমাধ্যমে প্রচারিত বন্য প্রাণী নিয়ে তাঁর তোলা বিখ্যাত ছবিগুলোর মধ্যে কিছু ছিল সাজানো। এগুলো তোলা হয়েছে খুব সতর্কতার সঙ্গে। এর পরও এসব ছবির মূল্য আছে বলে তিনি মনে করেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুতিন বলেন, এসব ছবি বন্য প্রাণী সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সবার দৃষ্টি কেড়েছে। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। ক্রেমলিনে সাংবাদিক মাশা গেসেনের সঙ্গে এক সাক্ষাত্কারে এসব কথা স্বীকার করেন পুতিন। এর আগে মাশা গেসেন ভ্রমণবিষয়ক একটি পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন। একঝাঁক উড়ন্ত সারসের সঙ্গে পুতিন হালকা বিমানে করে যাচ্ছেন—এমন ঘটনার সচিত্র প্রতিবেদন তৈরিতে সাংবাদিক পাঠানোর ব্যাপারে রাজি না হওয়ায় ওই পত্রিকা থেকে চাকরি যায় তাঁর। তবে সাক্ষাত্কারে পুতিন স্বীকার করেন, ওই ছবিটিও ছিল সাজানো। গত কয়েক বছরে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বাঘ থেকে শুরু করে তিমি মাছের সঙ্গে পুতিনের বেশ কিছু ছবি প্রচারিত হয়েছে। বন্য প্রাণী সংরক্ষণে পুতিনের জোরালো অবদান তুলে ধরতে গণমাধ্যমে ফলাও করে এসব ছবি প্রচারিত বা প্রকাশিত হয়। তবে সমালোচকেরা পুতিনের প্রচারিত এসব ছবি নিয়ে বিদ্রূপ করছেন। তাঁদের মতে, পুতিন সাবেক সোভিয়েত ধাঁচে প্রচার চালাচ্ছেন। এসব সমালোচনার মুখে শেষ পর্যন্ত পুতিন স্বীকার করেন, প্রচারণা চালাতেই তিনি এসব ছবি তোলেন। ক্রেমলিনে সাংবাদিক মাশা গেসেনকে দেওয়া সাক্ষাত্কারে পুতিন বলেন, ‘মানছি, এ সবই বেশি বেশি। এ জন্য আমি কিছুটা বিরক্ত।’বাঘের সঙ্গে তোলা ছবি সম্পর্কে পুতিন জানান, সেটি সাজানো ছিল না। বাঘ সংরক্ষণ করার ওপর জোর দেন তিনি। তবে পরিবেশবাদীদের দাবি, একটি চিড়িয়াখানা থেকে বাঘগুলো পুতিনের কাছে নেওয়া হয়েছিল। টিভি ক্যামেরার সামনে তিনি ওই বাঘগুলো নিয়ে বিশেষ ভঙ্গিতে ছবি তোলেন। ২০১১ সালে একটি আহত চিতাবাঘের সঙ্গে তোলা পুতিনের ছবিটিও সাজানো বলে দাবি করেছেন পরিবেশবাদীরা। মাশা গেসেনকে দেওয়া সাক্ষাত্কারে পুতিন তা স্বীকার করে বলেছেন, বন্য প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে এসব ছবি প্রচার করেছেন তিনি। পুতিনের মতে, ছবি সাজানো কি না সেটা গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হলো ছবিগুলোর মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণে জনগণের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা চালানো হয়েছে। সম্প্রতি মাশা গেসেন পুতিনকে নিয়ে ‘দ্য ম্যান উইদাউট অ্যা ফেস: দি আনলাইকলি রাইজ অব ভ্লাদিমির পুতিন’ নামে একটি বই লিখেছেন। সেখানে তিনি পুতিনকে দুর্নীতিবাজ নেতা হিসেবে তুলে ধরেন। ওই বইয়ে মাশা গেসেন লিখেছেন, পুতিন পত্রিকার মালিকের মাধ্যমে তাঁকে চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন, কিন্তু মাশা গেসেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ, তিনি আর এমন কোনো পত্রিকায় কাজ করতে চান না, যার প্রধান সম্পাদক পুতিনের নিয়োগপ্রাপ্ত। তবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রথমে চাকরি ফিরিয়ে নিতে চাইলেও পরে মত বদলান মাশা গেসেন।