নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, স্থপতি, প্রযুক্তিবিদ, আবাসন ব্যবসায়ী— সবার সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) প্রণয়ন করা হয়েছে। দেশের প্রায় সব মানুষ ড্যাপ বাস্তবায়নের পক্ষে। কেবল কয়েকজন দুর্বৃত্ত চায় না ড্যাপ বাস্তবায়িত হোক। এটা হলে তারা খাল-বিল-জলাশয় দখল করতে পারবে না। এই দুর্বৃত্তরাই ড্যাপ নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘মেগাসিটি ও মফস্বল: নগরায়ণের নতুন বাস্তবতা ও সুষম পরিবর্তনের কৌশল নির্ধারণ’ শীর্ষক পরামর্শ সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এ কথা বলেন। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এ সভার আয়োজন করে। পূর্ত প্রতিমন্ত্রী বলেন, ড্যাপে কোন ভূমি কীভাবে ব্যবহার করতে হবে, তা বলা আছে। ফলে কেউ চাইলেই খাল-বিল-জলাশয় দখল করতে পারবে না। কিন্তু এই সমাজেরই গুটি কয়েক স্বার্থান্বেষী লোক নদী-নালা-খাল-বিল ভরাট ও দখল করে চটকদার বিজ্ঞাপন দিয়ে জনগণের সম্পদ লুট করছে। ড্যাপ হওয়ার কারণে তাদের হূৎকম্পন শুরু হয়েছে। কারণ ড্যাপ বাস্তবায়িত হলে তাদের পানির নিচে স্বর্গ দেখানোর ব্যবসা বন্ধ হয়ে যাবে।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, নিজেকে কেউ রাষ্ট্রের চেয়ে শক্তিশালী মনে করে থাকলে তিনি সবচেয়ে বড় অপ্রকৃতিস্থ। জনগণের সরকার কারও অন্যায় চাপের মুখে মাথা নত করবে না। আর অন্যায় করে কেউ পার পাবে না।নদী-নালা-খাল-বিল দখল এবং প্রতারণার মাধ্যমে তা বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবাসনশিল্পের মালিকদের প্রতি ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের সম্পদ দখলকারীদের কাউকেই সরকার ছাড় দেবে না। তবে এ ব্যাপারে জনগণকেও সতর্ক হতে হবে।প্রতিমন্ত্রী বলেন, নগরায়ণ দরকার আছে, কিন্তু নগরায়ণের নামে যা খুশি তা চলতে পারে না। মানুষের জীবনকে অসহনীয় করে তোলা যাবে না। সম্মিলিত মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে নগরায়ণ করতে হবে।মান্নান খান বলেন, দখল আর অপরিকল্পিত নগরায়ণের কারণে আজ হালকা বৃষ্টি হলেই ঢাকা শহর পানিতে ডুবে যায়। চোখের সামনে আগুনে পুড়ে মারা যায় মানুষ। এভাবে চলতে পারে না। তিনি বলেন, আইন না মানার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। রাজউক দুর্নীতির ঊর্ধ্বে নয়। কিন্তু যাঁরা জেনে-শুনে অবৈধভাবে বাড়ি নির্মাণ করেন, সবচেয়ে বড় অপরাধ তো তাঁদেরই। কারও ব্যক্তিস্বার্থ বা লোভের কাছে ঢাকার দেড় কোটি মানুষের জীবন বিপন্ন করতে দেওয়া হবে না।প্রতিমন্ত্রী বলেন, যারা অন্যায় করে, দখল করে তারা সমাজের মানুষের চোখের সামনেই করে। তাদের প্রতিহত করার দায়িত্ব সবার। এদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গণপূর্ত প্রতিমন্ত্রীর বক্তব্য সমর্থন করে বলেন, কিছু লোক সরকারি জমি দখল করে অবৈধভাবে তা বিক্রি করছে। এটা চলতে দেওয়া যায় না। পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, মানববর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে গ্যাসসংকটের সমাধান সম্ভব। বায়োগ্যাস উৎপাদনের জন্য বাড়ি নির্মাণের সময়ই অবকাঠামো তৈরি করা যায়। সরকার এ বিষয়ে চিন্তাভাবনা করছে, মন্ত্রিসভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। হাছান মাহমুদ বলেন, দেশের সব চাপ এখন ঢাকার ওপর। কিন্তু দেহের চেয়ে মাথা বড় হয়ে গেলে সমস্যা। বর্তমানে যেভাবে ঢাকা শহর বেড়ে উঠছে, তা অস্বাভাবিক। তাই পরিকল্পিতভাবে কয়েকটি নগরকেন্দ্র গড়ে তুলতে হবে। নগর পরিকল্পনা, কৃষিজমি রক্ষা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়েও নতুন করে ভাবতে হবে।কৃষিজমির অবাধ ব্যবহার রোধের তাগিদ দিয়ে হাছান মাহমুদ বলেন, যেভাবে কৃষিজমি অন্য কাজে ব্যবহূত হচ্ছে, তাতে এ শতাব্দীর শেষে দেশে আর কোনো কৃষিজমি থাকবে না। পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে কৃষিজমি রক্ষা করতে হবে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে আধুনিক নগরায়ণ করতে হবে। ড্যাপ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থার সমস্যা সমাধানেও এমন একটি পরিকল্পনা দরকার।বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নগর অর্থনীতিবিদ সং সু চই বলেন, যাদের সম্পদ সীমিত তাদের উচিত ভালোভাবে পরিকল্পনা করে কাজ করা।ঢাকা মহানগরের উন্নয়নে সরকার ২২ জুন ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) গেজেট আকারে প্রকাশ করেছে। এর আগের দিন মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্যাপকে দ্রুত গেজেট আকারে প্রকাশের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের জলাশয় ও কৃষিজমি রক্ষা করতে হবে। রাজধানীর সার্বিক উন্নয়নের জন্য ড্যাপ বাস্তবায়ন করতে হবে।