কিছু নেতা-কর্মীর কর্মকাণ্ডে সব অর্জন ম্লান হয়ে যেতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কিছুসংখ্যক নেতা-কর্মীর কর্মকাণ্ডের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন ম্লান হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফ এ আশঙ্কার কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, এবার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কিছু অর্জন করেছেন। কিছুসংখ্যক নেতা-কর্মীর আচার-আচরণে শেখ হাসিনার সব অর্জন ম্লান হয়ে যেতে পারে। তিনি দলীয় নেতা-কর্মীদের আচার-আচরণ পরিবর্তন করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না, যাতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়ে যায়।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার এখন ঘরে বাইরে শত্রু। এই শত্রু আগেও ছিল। তাঁর জীবন শঙ্কামুক্ত নয়। তাঁকে রক্ষা করতে হবে এবং তাঁর সফলতার জন্যও কাজ করতে হবে। অনেক জায়গা থেকে উসকানি দেওয়া হচ্ছে। তাই অত্যন্ত সুস্থতার সঙ্গে চিন্তা করে পদক্ষেপ নিতে হবে।’রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।মাহবুবুল আলম হানিফ পাবনার সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে বলেন, পাবনার ঘটনা আওয়ামী লীগ ঘটায়নি। যারাই ঘটিয়েছে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তিনি প্রশাসনে অস্থিরতার জন্য বিএনপিকে দায়ী করেন। হাসিনাকে ১৯ বার হত্যাচেষ্টা: শেখ হাসিনাকে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেন, তার পরও তিনি (শেখ হাসিনা) কখনোই দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য কাজ করতে এতটুকু পিছপা হননি।শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত এক আলোচনা সভায় সাজেদা চৌধুরী এ কথা বলেন।বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, এ কে আজাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।