কিছু পর্যবেক্ষণ দিয়ে রায় পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু পর্যবেক্ষণ দিয়ে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার রায় পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্ট। আজ বুধবার আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদেশ প্রসঙ্গ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, পঞ্চম সংশোধনী অনুসারে নিম্ন আদালতে বিচারক নিয়োগ, পদোন্নতি ও বদলির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান-সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বহাল রাখা হয়েছে। সংবিধানের ১৫০ অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধান বলতে হাইকোর্ট ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত গণ্য করেছিলেন। এটাও বহাল রাখা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত এসব বিষয় বহাল থাকবে বলে আদালত বলেছেন। এ ছাড়া আদালত মুন সিনেমা হলের মালিকানার বিষয়টি তিন মাসের মধ্যে সুরাহা করতে নির্দেশ দিয়েছেন। জানা যায়, ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের ওই রায়ের কিছু পরিমার্জন ও সংশোধনের কথা উল্লেখ করে গত বছরের ২ ফেব্রুয়ারি আপিল বিভাগ রায় দেন। চলতি বছরের ১৪ মার্চ সরকারপক্ষ আপিল বিভাগের ইতিপূর্বে দেওয়া রায়ের দুটি অংশে পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদনটি করেছিল। গত ৭ এপ্রিল ওই রায়ের কিছু অংশে পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়। আজ আবেদনের ওপর আদেশ দেওয়ার দিন ধার্য ছিল। জানা যায়, মুন সিনেমা হলের মালিকানা ফেরত পাওয়া নিয়ে রিট করা হয়। অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, সরকার পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ওই সম্পত্তিকে ১৯৮২ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে দিয়েছে। সেটি তাঁরা ২০০১ সালে একটি ডেভেলপার কোম্পানির কাছে হস্তান্তর করে। আর মামলা হয় ২০০২ সালে এবং রায় হয়েছে ২০০৫ সালে। এর মধ্যে এটা আবার হস্তান্তর হয়েছে। এখন সিনেমা হলের মালিক পক্ষ ক্ষতিপূরণ পেতে পারে।