কিছু পাওয়া না-পাওয়ার বেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জানুয়ারি ২০০৯। শীতের সকাল। প্রতিদিনের মতো পুব দিকে সূর্য ওঠার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমি অন্য দিনের মতো নই। কাঁধে কলেজের ব্যাগ। একটিমাত্র বই। হাঁটছি না, যেন দৌড়াচ্ছি। সপ্তম বিভাগীয় গণিত উত্সবে অংশ নেওয়ার জন্য কুমিল্লায় যেতে হচ্ছে। ভোর ছয়টায় বাস ছাড়ার কথা; কিন্তু আমি প্রায় ২০ মিনিট দেরি করে ফেলেছি। একদিকে লজ্জা, অন্যদিকে আত্মার অশান্তিতে ভুগছি। সময়ও আমার প্রতি অপ্রসন্ন। টানা তিনবার বিভাগীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েও কোনোবার ঢাকা যাওয়ার টিকিট পাইনি। তাই এবার ভালো করব বলেই যাচ্ছি। বাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আমার জন্য অপেক্ষা করছে সবাই। প্রাণপণে দৌড়ে বাসে উঠি। স্যার বকা দিলেন দেরি করার জন্য। আমি বাসে উঠে কোনো সিট পেলাম না। সারা পথ দাঁড়িয়ে আসতে হলো। প্রায় ১০০ কিলোমিটার পথ। আমাদের নির্ধারিত আসনে অভিভাবকেরা বসে আছেন। নিজের ভাগ্যের ওপর খুবই রাগ হলো, এমনটি কখনো হয়নি। মা প্রতিবারই নির্ধারিত সময়ে আমাকে তৈরি করে দেন। আজ মা ঢাকায় হাসপাতালে। অপারেশন করা হয়েছে, মায়ের ক্যানসার ধরা পড়েছে। মায়ের ক্যানসারের চিকিত্সা চলছে। কেমোথেরাপি চলছে। মনটা খারাপ। প্রতিবারের মতো মা আমাকে পাঠাতে পারেননি। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়! তাই চালকের পাশে ইঞ্জিনের ওপর গিয়ে বসে পড়ি। একদিকে ইঞ্জিনের অসহনীয় গরম, অন্যদিকে দরজার ফাঁক দিয়ে আসা শীতের হিমেল হাওয়া—নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলে মনে হচ্ছে। আমি স্যারদের কোনো দোষ দিচ্ছি না। অভিভাবকদের যাওয়ার কথা নয়। তবু তাঁরা যাচ্ছেন, তাঁদের আদরের সন্তানদের সঙ্গে নিয়ে। আমার মা হাসপাতালে, বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্যারদের সহযোগিতা, আদর আর পিতৃসুলভ স্নেহ না পেলে আজ হয়তো গণিত উত্সবে অংশ নিতে পারতাম না। যথারীতি ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে মাঝপথে স্যার আমাদের সকালের নাশতার ব্যবস্থা করলেন।যা-ই হোক, পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি তেমন ভালো ছিল না। ভয়ে ভয়ে পরীক্ষা দিলাম। প্রশ্ন মোটামুটি কঠিন। ভাবছি, এবার যদি আগের মতো করি, লজ্জা পেতে হবে বন্ধুদের কাছে। পরীক্ষা দিয়ে বের হলাম। সবাই বিচ্ছিন্ন হয়ে যাই গণিত উত্সবে আগতদের ভিড়ে। বেলাশেষে শুরু হলো পুরস্কার বিতরণের অনুষ্ঠান। এবার মুনীর স্যারের পরিবর্তে মঞ্চে আছেন সোহাগ ভাই (গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর)। তিনি মা সম্পর্কে বললেন, প্রতিদিন আমাদের অন্তত একবার করে হলেও মাকে খুশি করা উচিত। তখন আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। যা-ই হোক, বিশিষ্টজন, গণিতবিদ, বিজ্ঞানী ও সম্মানিত ব্যক্তিদের শুভেচ্ছাসূচক ও পথনির্দেশক বাণীর পর এল সেই মাহেন্দ্রক্ষণ। এবার প্রতিবারের মতো না করে বরং উল্টো ধরনের পুরস্কার বিতরণ করতে যাচ্ছেন সোহাগ ভাই। প্রথমেই হায়ার সেকেন্ডারি মানে আমার ক্যাটাগরির দ্বিতীয় রানারআপ ছয়জনের নাম ঘোষণা করলেন সোহাগ ভাই। এখানে আমার নাম নেই। মনে কষ্ট আরও বেড়ে যাচ্ছে। প্রতিটি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আমার মনে বেদনা বাড়তে থাকে। এবার প্রথম রানারআপের পালা। আগের মতো এখানেও আমার নাম না শুনে দুঃখের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মনে হলো। এবার চ্যাম্পিয়নদের নাম ঘোষণার পালা। এখানে নাম শোনার সম্ভাবনা ছিল না। কারণ পরীক্ষা খুবই কঠিন হয়েছিল। কিন্তু মাইকে উচ্চারিত হলো রেজিস্ট্রেশন নম্বর ৬৬৬১, আমার নাম ও কলেজের নাম।আমার বিশ্বাস হচ্ছিল না। দাঁড়িয়ে আছি, আমার বন্ধু সাদি আমাকে ঠেলে পাঠিয়ে দিল মঞ্চে পুরস্কার আনার জন্য। আমিও দৌড়ে গেলাম মঞ্চের দিকে। করিম স্যারের কাছ থেকে মেডেল পরলাম। মাকে ফোন করে আমার পুরস্কারের কথা বলতেই তিনি আবেগে কেঁদে উঠলেন। আমিও কেঁদে ফেলি। তবে এই কান্না আনন্দের। হাসপাতালের বিছানায় শুয়ে যখন প্রতিদিন রোগের বিভিন্ন তথ্য শুনতে শুনতে কষ্ট পাচ্ছিলেন, তখন ছেলের সাফল্যের খবর পেলে কোন মা তাঁর কান্না ধরে রাখতে পারেন? যা-ই হোক, সুন্দর একটি দিনের সমাপ্তি হলো। আমরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হলাম। ২০১০ সালের ১৫ জানুয়ারি আমি দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছি। এবার আমার মা আমাকে তৈরি করে দিয়েছেন। আমি আগের মতো দাঁড়িয়ে যাইনি। সময়ের কাজ সময়ে করতে পেরেছি আমার মায়ের জন্য। তবে এ গল্প আরেক দিনের জন্য থাক।এম শরীফুল আলমজিয়া সারকারখানা কলেজআশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।