বিএনপির জাতীয় নির্বাহী কমিটি বৈঠক
কিছু প্রভাবশালী নেতার কর্মকাণ্ডে তৃণমূল নেতাদের ক্ষোভ
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী কিছু নেতার নেতৃত্ব ও কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির তৃণমূল ও মধ্যম সারির নেতারা। তাঁরা দল পরিচালনায় নিয়োজিত কিছু কেন্দ্রীয় নেতার স্বেচ্ছাচারিতা, গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ঘিরে থাকা দলীয় কর্মকর্তা ও তারেক রহমানের নাম ভাঙিয়ে সুবিধাভোগীদের কঠোর সমালোচনা করেছেন। তাঁরা এঁদের কাছ থেকে দল মুক্ত করতে এবং খালেদা জিয়াকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভায় নেতারা এ আহ্বান জানান। সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।খালেদা জিয়া সকাল সাড়ে ১০টায় সভার উদ্বোধন করেন। তিনি সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত হওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশে প্রবল গণ-আন্দোলনের ক্ষেত্র তৈরি হয়েছে। সরকারই এই ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এই গণ-অসন্তোষকে কাজে লাগিয়ে গণ-ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে গণ-আন্দোলনে নেতৃত্ব দিতে হবে বিএনপিকে।বক্তারা ভবিষ্যত্ নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া, কর্মসূচি গ্রহণের আগে দলীয় কোন্দল নিরসন ও দলকে শক্তিশালী করা ও কেন্দ্রীয় কমিটির নিষ্ক্রিয় সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।কয়েকজন বক্তা অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ ‘কমিটি বাণিজ্যে’ লিপ্ত আছেন। তাঁরা টাকার বিনিময়ে বিভিন্ন কমিটিতে লোক নিচ্ছেন। কেউ কেউ নিজেদের স্বার্থে পকেট কমিটি গঠন করছেন। তাঁরা তারেক রহমানের বর্তমান অবস্থার জন্য কিছু অপেক্ষাকৃত তরুণ নেতাকে দায়ী করে বলেন, এই নেতাদের ‘ভাইয়া গ্রুপ’ বলে ডাকা হয়। তাঁরা তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করেছেন। এখন তাঁরা দলের ক্ষতি সাধন করছেন।ফরিদপুর জেলা বিএনপির সভাপতি শাহাজাদা মিয়া বলেন, কিছু নেতা তারেক রহমানের লোক বলে দলে নানা সুবিধা নিচ্ছেন। তাঁরা ‘ভাইয়া গ্রুপ’ বলে পরিচিত। এঁদের জন্য তারেক রহমানের এই অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, তারা চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পরিপাটি পোশাকে বসে থাকেন। এঁদের নিয়ে রাজনীতি করলে কঠোর আন্দোলন গড়া সম্ভব নয়। তিনি বলেন, ‘আমি ৩২ বছর রাজনীতি করছি। অথচ কেন্দ্রীয় কমিটিতে অনেক সম্পাদক আছেন, যাঁরা চার বছর ধরে রাজনীতি করছেন।’বরিশাল দক্ষিণের আহ্বায়ক মুজিবর রহমান সারোয়ার বলেন, কিছু নেতা আছেন, যাঁরা কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। কিন্তু কোনো কর্মসূচিতে অংশ নেন না। তিনি এঁদের কর্মকাণ্ড পর্যবেক্ষণের আহ্বান জানান।কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আমিনুর রশিদ খালেদা জিয়াকে বলেন, ‘ম্যাডাম কিছু লোকের কারণে আমরা আপনার সঙ্গে দেখা করতে পারি না।’দলের কোনো কোনো নেতা কর্মসূচি গ্রহণে আরও চিন্তাভাবনা করার আহ্বান জানান। সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া বলেন, হরতালের মতো কর্মসূচি দেওয়ার পর মানববন্ধন একটি হাস্যকর রাজনৈতিক কর্মসূচি বলে প্রতীয়মান হয়েছে।সভার স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টামণ্ডলী, নির্বাহী কমিটির সদস্য ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকেরা এতে উপস্থিত ছিলেন। সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী।