কিছু মন্ত্রীর কারণে নির্বাচনে আশানুরূপ ফল পায়নি আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কিছু মন্ত্রীর কারণে সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে আওয়ামী লীগ আশানুরূপ ফল পায়নি বলে মন্তব্য করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতারা। তাঁরা পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগের অনেককে নিয়মবহির্ভূতভাবে বহিস্কার করার অভিযোগ করে বলেন, যুবলীগের নেতাদের বহিস্কারের এখতিয়ার আওয়ামী লীগের নেই।আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিভিন্ন নেতা এসব কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। যুবলীগের কারণে পৌর নির্বাচনে সরকারের ভরাডুবি হয়েছে বলে আওয়ামী লীগের কিছু নেতার বক্তব্য খন্ডন করে সভায় যুবলীগের নেতারা বলেন, যুবলীগ নয়, সরকারের অনেক মন্ত্রীর পতাকাবাহী গাড়ি দেখলে জনগণ ভয় পায়। কিছু মন্ত্রীকে টেলিভিশনে দেখলেই দ্রব্যমূল্য বেড়ে যায়। সভায় শেয়ারবাজারে ব্যাপ ধ্বসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যুবলীগের নেতারা বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল শেয়ারবাজারে ধ্বস নামিয়েছে। এই মহলটি চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানান তাঁরা। সভায় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মীর্জা আজম, সাংসদ নুরুন্নবী চৌধুরী, মহানগর (দক্ষিণ) সভাপতি মহিউদ্দিনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।সভার আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাইলে ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, নেতাদের কিছু ক্ষোভ-বিক্ষোভ ছিল। তবে সভায় মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে কেউ কোনও বক্তব্য দেননি বলে তিনি দাবি করেন।