কিছু রক্তের ধারা মাটিতে স্বাধীনতার বীজ বুনছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের গল্প জানতে চান? বলছি। তবে গল্প নয়, সত্যি। একদম সত্যি। অনেক দিন আগের কথা। কিন্তু একুশকে তো আমরা ভুলতে পারি না? সে দিনের স্মৃতি আজও অত্যুজ্জ্বল। প্রশ্ন হতে পারে, আমি ঘটনাটা কেমন করে জানলাম। জবাবে বলছি, আমি সেদিন সেখানে উপস্থিত ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের আমতলায়। মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে ঢোকার পথে বড় একটা গেটের ওপর পুরোনো একটা বোর্ড দেখতে পাবেন। সেদিনের কথা তাতে লেখা আছে। সেদিন আমি সেই তীর্থভূমিতে ছিলাম। আমি একা নই, হাজার হাজার ছাত্র-জনতা ও ছাত্রী সেখানে ছিলেন সেই ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির সকালে। কিন্তু কেন?বলছি, যতটুকু স্মৃতিতে ধারণ করতে পেরেছি। স্কুলে পড়ার শেষের দিকে লাভ করেছি সাম্যবাদের শিক্ষা ও দীক্ষা। মনের মাটি একেবারে শক্ত হয়ে তৈরি হয়েছিল। তাই বায়ান্ন সালে যখন বাংলা ভাষার ওপর অন্ধকার নেমে এল, এ দেশের মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার কঠিন ষড়যন্ত্র হলো, তখন ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ বলে সব ছাত্রছাত্রীর সঙ্গে গর্জে উঠলাম।বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছাত্র-জনতার সঙ্গে আমাদের অস্তিত্ব হননকারী, বাংলাবিরোধী সরকারের আরোপিত ১৪৪ ধারা ভাঙতে সবার আগে এগিয়ে গিয়েছিলাম। সঙ্গে চারজনের দলে ছিল কয়েকটা স্কুলের মেয়ে। সবার নাম মনে নেই, তবে সেতারা, পুতুল, পারুল, নুরী আখতারি—এই নাম কটি মনে পড়ছে। তারা কেন এসেছিল? দেশকে ভালোবেসে, ভাষাকে ভালোবেসে, বাংলা ভাষাকে বাঁচাতে তারা এসেছিল সেদিন ঐতিহাসিক আমতলায়। আমি তখন বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ পড়ি। কমিউনিস্ট পার্টির এক আপা হোস্টেলে এসে আমাদের ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উত্সাহ দিতেন, কর্মপন্থা বলে দিতেন, আর স্কুলে স্কুলে গিয়ে ছাত্রীদের উদ্বুদ্ধ করার দায়িত্ব দিতেন। সেই আপার নাম যুঁইফুল রায়। যুঁইফুলের মতো মিষ্টি দেখতে।প্রাণ যায় যাক, মাতৃভাষাকে বাঁচাতেই হবে। গর্জে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়, গর্জে উঠল ছাত্রসমাজ। বাংলা ভাষা হত্যা করার ষড়যন্ত্র ভাঙতেই হবে। সেই দলে শামিল হলাম। ভাষা দিবসসহ সভা, মিছিল, স্লোগান, আন্দোলন চলল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে। দেশপ্রেমিক রাজনৈতিক নেতা ও শিক্ষকেরা ছিলেন তাদের পাশে পাশে। সব সভা ও মিছিলে যাওয়ার জন্য আমরা ঢাকার বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রীদের নিয়ে আসতাম।এখন যেখানে জগন্নাথ হল, সেখানে ছিল তখনকার প্রাদেশিক সংসদ। একুশে ফেব্রুয়ারি সেখানে সরকারের বাজেট অধিবেশনে উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে—এই মর্মে বিল পাস হবে। তাই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ও ছাত্রনেতারা সিদ্ধান্ত নিল সেই প্রস্তাব তারা পাস হতে দেবে না। প্রতিবাদ মিছিল করে গিয়ে মেমোরেন্ডাম দিয়ে আসতে হবে, যাতে সংসদে ওই জঘন্য বিল পাস না হতে পারে। সরকার সে কথা জানতে পেরে একুশে ফেব্রুয়ারি থেকে সারা দেশে ১৪৪ ধারা জারি করল। আমাকে দায়িত্ব দেওয়া হলো মুসলিম গার্লস স্কুল ও বাংলাবাজার গার্লস স্কুল থেকে ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ সভা ও মিছিলে নিয়ে আসার। একুশের ভোরে উঠেই ওই স্কুল দুটিতে গিয়ে কর্তৃপক্ষের বাধা ও বিরোধিতা অমান্য করে ছাত্রীদের বিশ্ববিদ্যালয় চত্বরে নিয়ে আসি। এসে দেখি সারা মাঠ ভরে গেছে ছাত্রছাত্রীদের ভিড়ে। প্রতি মুহূর্তে সেই জনসমুদ্র থেকে স্লোগান উঠছে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই’। আমরা অবস্থান নিলাম মধুর দোকানের সামনে। কিছুক্ষণ পরেই সভা শুরু হলো। গাজী ভাই (গাজীউল হক) সভাপতিত্ব করছিলেন। সরকার আরোপিত ১৪৪ ধারা ভাঙা না-ভাঙার পক্ষে বিপক্ষে বিতর্ক চলতে থাকল, উপস্থিত ছাত্র-জনতা ১৪৪ ধারা ভাঙার পক্ষে উদ্বেল হয়ে উঠল। মতিন ভাই (আবদুল মতিন) ১৪৪ ধারা ভাঙার স্বপক্ষে রায় দিলেন। ‘চল চল অ্যাসেম্বলি চল’ স্লোগান দিয়ে পুলিশের বাধা অতিক্রম করে রাস্তায় বের হওয়ার সিদ্ধান্ত হলো। ছাত্ররা ১০ জন করে বের হবে। আর ছাত্রীরা চারজন। আমরা তাই সবার প্রথমে পুলিশের বন্দুকের নল ঠেলে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান দিতে দিতে রাস্তায় বের হলাম। পুলিশ আমাদের তখন কিছু বলল না। কিন্তু রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রকম টিয়ার গ্যাস ছাড়তে লাগল ও লাঠিচার্জ শুরু করল। টিয়ার গ্যাসের বড় বড় শেল এসে আমাদের সামনে পড়তে লাগল, আমরা তবু এগিয়ে চললাম। কিন্তু টিয়ার গ্যাসের ঝাঁজে চোখ দিয়ে পানি পড়তে লাগল। প্রচণ্ড যন্ত্রণায় চোখে অন্ধকার দেখতে লাগলাম; সামনে আর যেতে না পেরে পাশের মেডিকেল ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকতে বাধ্য হলাম প্রাথমিক চিকিত্সার জন্য। তারপর আবারও রাস্তায় বের হলাম। কিন্তু বেশি দূর যেতে পারিনি। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের প্রতিবাদে ছাত্ররা মেডিকেলের মধ্য থেকে ইট ছুড়তে শুরু করেছে। তবুও আমরা থামিনি, এগিয়ে গেছি। রওশন আরা পুলিশের লাঠির বাড়ি খেয়েছে, সারা তৈফুর মাহমুদ পায়ে ইটের আঘাত লেগে আহত হয়েছে। ফজিলাতুন্নেসা ব্যথা পেয়েছে। সাফিয়া খাতুন ও তার সঙ্গের মেয়েদের পুলিশ গ্রেপ্তার করেছে। সঙ্গে সঙ্গে ছাত্ররা বন্যার পানির মতো রাস্তায় বের হয়ে এসেছে। রাস্তায় চলছে প্রচণ্ড যুদ্ধ, ধরপাকড়, লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ। আমরা এগিয়ে চলছি।বেলা তিনটার দিকে পুলিশ গুলি চালাতে শুরু করেছে। আমরা আর সামনে যেতে না পেরে মেডিকেলের কম্পাউন্ডের মধ্যে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছি। আহত ব্যক্তিদের স্ট্রেচারে করে নিয়ে আসতে দেখছি। আহত ব্যক্তিদের রক্তে মাটি ভিজে যাচ্ছে। ঘাস ভিজে যাচ্ছে, আহতদের আর্তচিত্কার, ছাত্র-জনতার স্লোগান, গুলির শব্দ ও পুলিশের হুংকার—সবমিলে এক সাংঘাতিক রণক্ষেত্র। স্ট্রেচারের সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে গিয়েছি। আহতদের দেখেছি। নিহতদের দেখেছি। চিনতে পারিনি। একজনকে চিনেছিলাম, তাঁর নাম আনোয়ার, বাংলায় এমএ পড়তেন। আবার বাইরে বের হয়েছি। দেখেছি কেবল রক্ত আর রক্ত। দেখেছি বাংলার মুখ। বাংলা ভাষার উজ্জ্বল মুখ রক্তের আলপনায় সাজানো। বেলা তিনটায় গুলি শুরু হয়েছিল। কতক্ষণ চলেছিল মনে নেই। বেলা প্রায় শেষ। কণ্ঠ রুদ্ধ আমাদের। যেন আর চলতে পারছিলাম না। এখন যেখানে শহীদ মিনার, সেখানে গিয়ে দেখলাম রক্তের এক বিশাল আলপনা এঁকে শহীদ হয়েছেন বরকত, সালাম, রফিক ও জব্বার। অত রক্ত একখানে একসঙ্গে কখনো দেখিনি। বাংলাদেশের পতাকার লাল সূর্যটা যেন সেদিন ভূমিষ্ঠ হয়েছিল। সেখানে একপাশে বাঁশের খুঁটিতে ঝোলানো ছিল বরকত-সালামের রক্তে ভেজা পাজামা ও শার্ট। তখনো রক্ত ঝরছে সেই পবিত্র গাত্রাবরণ থেকে। রক্ত ঝরে ঝরে কিছু রক্ত শুকিয়ে ঝুলছে। আরও কিছু রক্তের ধারা মাটিতে স্বাধীনতার বীজ বুনছে।সেই রক্তসাগরের পাশেই দেখলাম, গুলির আঘাতে রফিকের মাথার খুলি উড়ে গিয়ে মগজ ছড়িয়ে রয়েছে। থোকা থোকা মগজ দেখে মনে হচ্ছিল যে স্বাধীনতার বেদিতে ছড়িয়ে দেওয়া বকুল ফুল। সেই বকুল ফুল, সেই রক্তের সাগর আমাদের শপথ, আমাদের পতাকা, আমাদের ভাষা, আমাদের স্বাধীনতা। সেই ভাষাকে, সেই স্বাধীনতাকে আমরা প্রাণ দিয়ে রক্ষা করব। সেই পরম সম্পদ আমাদের সবার জীবনের পরম পবিত্র ধ্রুবতারা।অধ্যাপক হালিমা খাতুন: ভাষাসৈনিক, সাবেক পরিচালক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), ঢাকা বিশ্ববিদ্যালয়, শিশু সাহিত্যিক।