কিছু সংশোধন করে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধন করে অবিলম্বে এটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। আইন পাসের পর গত ১১ মাসেও সেটি কার্যকর না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, বর্তমান আইনটি দিয়ে ভোক্তার স্বার্থ রক্ষা করা সম্ভব নয়। কারণ, আইনে অনেক ত্রুটি রয়ে গেছে।কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘পণ্যমূল্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। আলোচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটির নানা দুর্বলতা উঠে আসে। যেমন: আইনে ক্রেতা আদালত গঠন ও ক্ষতিগ্রস্তের সরাসরি মামলা করার আইনি অধিকার দেওয়া হয়নি। ভোক্তাবিরোধী কাজের স্পষ্ট ও বিস্তৃত সংজ্ঞাও এতে দেওয়া হয়নি। বেসরকারি স্বাস্থ্য পরিসেবা ও ওষুধ খাতে পরিলক্ষিত ত্রুটি-বিচ্যুতি বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালককে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়নি।এসব দুর্বলতা থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীদের হাত থেকে ভোক্তাদের রক্ষা করতে আইনটিকে একটি সূচনা আখ্যা দিয়ে অবিলম্বে এর বাস্তবায়ন চেয়েছেন বক্তারা। ক্যাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা, আর কালক্ষেপণ না করে সরকার পরিবর্তন-পরিমার্জন সাপেক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি দেশব্যাপী প্রয়োগ শুরু করবে। এতে তাদের ভাবমূর্তি যেমন সমুজ্জ্বল হবে, তেমনি জনভোগান্তিও লাঘব হবে।’দৈনিক জনকণ্ঠর উপপ্রধান প্রতিবেদক কাওসার রহমান আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর পর সরকার বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করেছে। জাতীয় সংসদে অনুমোদনের পর এটি ২০০৯ সালের ৬ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছে। এটি আইনে পরিণত হওয়ার পর ১১ মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো এটি কার্যকর হয়নি। যদিও এই আইন দিয়ে বাজার নিয়ন্ত্রণ কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই আইনে পণ্যমূল্যের কোনো কথা নেই। বাজারে যখন-তখন পণ্যমূল্য বেড়ে গেলে তা রোধের কোনো ব্যবস্থা আইনে নেই। তাহলে এ আইনের মাধ্যমে সরকার কীভাবে বাজার নিয়ন্ত্রণ করবে?আলোচনায় অংশ নেন ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক এ এম জাকির হোসেন, মানবাধিকার কর্মী সিগমা হুদা, ব্যবসায়ী সংস্থা ঢাকা চেম্বার অ্যান্ড কমার্সের প্রতিনিধি সৈয়দ হাবিবুর রহমান, সুপার মার্কেট মালিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রমুখ আলোচনায় বক্তব্য দেন। ক্যাবের সভাপতি কাজী ফারুক আলোচনায় সঞ্চালকের ভূমিকা পালন করেন।