কিছু সংশোধনের পক্ষে মত দিলেন অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়াসংক্রান্ত হাইকোর্টের রায়ে কিছু সংশোধন (মডিফিকেশন) করা যেতে পারে বলে মত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, দেশের আইন ও রায়ের ওপর ফতোয়া দেওয়া উচিত নয়। কোনো মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয় এমন ও রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধেও ফতোয়া দেওয়া উচিত নয়।ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানিতে গতকাল বৃহস্পতিবার মাহবুবে আলম এ অভিমত দেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে গতকাল অষ্টম দিনের মতো শুনানি হয়।অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ফতোয়া কখনো মতামত, কখনো নির্দেশ। সব ফতোয়া নিষিদ্ধ হওয়া উচিত—এমন বক্তব্য দিব না। তবে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আদালতের নির্দেশনা (গাইডলাইন) থাকতে পারে। কী কী ক্ষেত্রে ফতোয়া দেওয়া যাবে, আর কী কী ক্ষেত্রে দেওয়া যাবে না, এ ব্যাপারে সর্বোচ্চ আদালত নির্দেশনা দিতে পারেন।’ উদাহরণ টেনে তিনি বলেন, নারীনীতি হারাম, জন্মনিয়ন্ত্রণ পাপ—এ ধরনের বিষয়ে ফতোয়া দেওয়া উচিত নয়। যে ঘটনা থেকে বর্তমান মামলার উৎপত্তি, সে ক্ষেত্রে ফতোয়া ছিল নির্দেশ। একজন গৃহবধূকে তাঁর স্বামীর বাইরে অন্য এক ব্যক্তির সঙ্গে বাস করতে বাধ্য করা হয়, এ ধরনের ফতোয়া অবৈধ। তিনি বলেন, ধর্মীয় আচার-আচরণ, রীতি-নীতি পালনের জন্য ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তিরা নির্দিষ্ট বিষয়ে ফতোয়া দিতে পারেন। সংবিধান অনুযায়ী হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) আদেশ দিতে পারেন।ফতোয়া ‘মত’ বলে উল্লেখ করে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘আমাদের সংবিধান, প্রচলিত ও প্রণীত আইনে ফতোয়ার কোনো স্থান নেই। এটা অসাংবিধানিক ও আইনবহির্ভূত। কোনো ইমাম ও মাওলানার ফতোয়া দেওয়ার এখতিয়ার নেই। ইসলামি আইনে নির্দিষ্ট জ্ঞানের অধিকারীরাই মত দিতে পারেন। কিন্তু আমাদের দেশে ইমাম, মুয়াজ্জিনদেরও ফতোয়া দিতে দেখা যায়।’ তিনি মত দেন, শপথ ও স্বাভাবিক ক্ষমতাবলে হাইকোর্টের সুয়োমোটো রুল জারির ক্ষমতা রয়েছে।হাইকোর্টের পক্ষভুক্ত নারীনেত্রী মালেকা বেগমসহ তিনজনের পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম অভিমত দেন, ‘ফতোয়া একধরনের জ্ঞান। তবে ফতোয়া দেওয়ার নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ নেই। ধর্মগ্রন্থেও তাঁদের ভূমিকার কথা উল্লেখ নেই। জ্ঞান বাবা-মা, আত্মীয় ও আলেম—যে কেউ দিতে পারেন। এ অভিমত দ্বারা কারও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত করা যাবে না। এ ক্ষেত্রে আইন অনুযায়ী কারও স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, মৌলিক অধিকারে আঘাত এলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেকোনো জ্ঞানী ব্যক্তি যিনি ধর্ম সম্পর্কে জানেন, তাঁর কাছ থেকে আমরা মতামত চাইলে তিনি দিতে পারেন। তবে অযাচিতভাবে মতামত দেওয়া, তা চাপিয়ে দেওয়া কিংবা পালনে বাধ্য করার সুযোগ নেই।’ বিচারপতিদের শপথবাক্যের কথা তুলে ধরে তিনি বলেন, অসাংবিধানিক ও বেআইনিভাবে কেউ অত্যাচার-নির্যাতনের শিকার হলে হাইকোর্টের সুয়োমোটো আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে।শেষ পর্যায়ে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী তানিয়া আমীর বলেন, ‘ফতোয়া গ্রহণযোগ্য নয়। আমাদের আইনি ব্যবস্থায় ফতোয়া দেওয়ার সুযোগ নেই। মতামত দেওয়ার অধিকারও অনিয়ন্ত্রিত নয়। সংবিধান অনুসারে সব ক্ষমতা জনগণের।’