কিছু সাংবাদিক মাফিয়া ডন, অভিযোগ জগন্নাথের উপাচার্যের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু সাংবাদিক মাফিয়া ডন। তাদের টাকা দিলেই যে কারও বিপক্ষে সংবাদ লেখে। এ জন্যই কয়েক দিন পরপর মার খায়। এমন ১০০ প্রমাণ আমার কাছে আছে।’ আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘গণতন্ত্র ও গণমাধ্যম: সংবাদকর্মীর ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অর্ধ যুগপূর্তি অনুষ্ঠান উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।উপাচার্য মেসবাহউদ্দিন বলেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুই ঘণ্টা অবরোধ থাকার পর শিক্ষার্থীদের হাতে উপাচার্য লাঞ্ছিত হওয়ার ঘটনা ছিল সম্পূর্ণ মিথ্যা। প্রথম আলোর অনলাইন সংস্করণে এই খবর প্রকাশ হয়েছিল। এ ছাড়া সাংবাদিকেরা গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করে বলেও জানান উপাচার্য। ওই সেমিনারের প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিশ্বজিত্ দাসকে হত্যার পর দেশের সব গণমাধ্যম লাগাতারভাবে প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু কিছুদিন আগে জামায়াত-শিবিরের ডাকা হরতালে চলন্ত বাসে আগুন দিয়ে এক ব্যাংকারকে হত্যা করা হলেও তার প্রতিবেদন জাতির সামনে গুরুত্বসহ উপস্থাপন করেনি গণমাধ্যম।হাছান মাহমুদ আরও বলেন, দেশের কোনো সংবাদপত্র যদি অসত্য সংবাদ পরিবেশন করে তাহলে তাকে জরিমানা করা দরকার। তবে এ ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা অবশ্যই দরকার। আর সে জন্যই একটি নীতিমালা থাকা উচিত বলে তিনি মনে করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একটি অন্যটির পরিপূরক। সমাজে গণতন্ত্রের চর্চা না থাকলে মানুষ বসবাস করতে পারে না। এ ক্ষেত্রে প্রতিবেদন প্রচার করার আগে সাংবাদিককে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাত্তর টেলিভিশনের পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা। সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মিঠুন মোস্তাফিজ। সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সোলাইমান সালমান, সাধারণ সম্পাদক জসীম রেজা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে উপাচার্য বেলুন উড়িয়ে অর্ধ যুগপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা অংশ নেন।