কিছু সাংসদের ভাষার কারণে সংসদের পরিবেশ নষ্ট হচ্ছে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার আবদুল হামিদ বলেছেন, কিছু সাংসদের ভাষার কারণে সংসদের পরিবেশ নষ্ট হচ্ছে। সংসদের এমন পরিবেশ ধীরে ধীরে দেশের পরিবেশ নষ্ট করে। মানুষ সাংসদদের প্রতি আস্থা রাখতে পারে না। আজ রোববার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ‘নবম জাতীয় সংসদে নারী নেতৃত্ব’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন। হুইপ সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার শওকত আলী, হুইপ মুজিবুল হক, সাংসদ রহমত আলী, রাশেদা বেগম, রওশন আরা সাথী, আসমা জেরীন প্রমুখ। নারী সাংসদদের তথ্য সংবলিত এ বইটি সম্পাদনা করেছেন আবুল খায়ের উজ্জ্বল।স্পিকার বলেন, ‘আমাকে সামনে রেখে অনেকে এমন ভাষা ব্যবহার করেন যাতে আমি নিজেই লজ্জা বোধ করি। সংসদে বিরোধী দল এবং সরকারি দল একে অপরের বিরুদ্ধে কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু কেউ কেউ এমন ভাষা ব্যবহার করেন, যার কারণে সংসদের পরিবেশ নষ্ট হয়। ত্রুটি ধরিয়ে দেওয়ার বদলে অশালীন ভাষায় বক্তব্য দেন, যা দেশের মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলে।’স্পিকার সব সাংসদকে উদ্দেশে করে বলেন, সাংসদরা যদি নিয়মিত নিজেদের এলাকার খোঁজখবর রাখেন, তাহলে টেন্ডারবাজিসহ সব অপকর্ম বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু অনেকই এ ব্যাপারে উদাসীন। ফলে অনাহূত সংকট তৈরি হয়ে অনেক সময়।অনুষ্ঠানে উপস্থিত নারী সাংসদদের উদ্দেশে স্পিকার বলেন, ‘আপনারা নিজেই নিজের ভরসা হোন। নির্ভরশীল হবেন না। প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতাও নিজেদের যোগ্যতায় আজ এ পর্যন্ত এসেছেন।’