কিছু স্কুল-কলেজে চলছে ক্লাস পরীক্ষা ও কোচিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি ঘোষণা করা হলেও রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে ক্লাস, পরীক্ষা ও কোচিং। একাধিক প্রতিষ্ঠানে কোচিং করতে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এমনকি যাতে সহজে কারও চোখে না পড়ে, এ জন্য একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যে শিক্ষার্থীদের আসতে বলা হয়েছে সাধারণ পোশাকে (ইউনিফর্ম ছাড়া)।কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের এই ভূমিকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করেছে। ঢাকার বাইরেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার খবর পাওয়া গেছে।রমজান মাসে রাজধানীর যানজট কমাতে শিক্ষা মন্ত্রণালয় ১৪ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৬ আগস্ট থেকে সব প্রাথমিক বিদ্যালয়ে রমজান ও ঈদের ছুটি ঘোষণা করে।ছুটি ঘোষণার পরও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের কোচিং চলছে। কোচিং করতে শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী ও অভিভাবক। তাঁরা প্রথম আলোকে জানান, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রমজানে ১৫টি অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে। এ জন্য শিক্ষার্থীপ্রতি এক হাজার ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আজ বুধবারের মধ্যে কোচিংয়ের ফি পরিশোধ করতে বলা হয়েছে। ইতিমধ্যে যারা টাকা দিয়েছে তাদের রসিদ দেওয়া হয়নি।সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় বলেছে, শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাস নেওয়া (কোচিং) যাবে। সে জন্য নির্দিষ্ট টাকাও নেওয়া যাবে। তবে কাউকে বাধ্য করা যাবে না।কোচিং করানোর বিষয়টি স্বীকার করলেও শিক্ষার্থীদের বাধ্য করার বিষয়টি অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহান আরা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতির জন্য তাঁরা বন্ধের মধ্যে মোট ৭৫টি ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিচালনা পরিষদের সঙ্গে আলোচনা করেই ৭৫টি ক্লাসের জন্য শিক্ষার্থীদের ফি ধরা হয়েছে এক হাজার ২০০ টাকা।রাজধানীর বর্ণমালা স্কুলেও পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। রমজান মাসে স্কুলে আসার সময় স্কুলের নির্ধারিত পোশাক না পরে আসতেও শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক প্রথম আলোকে বলেন, ওই স্কুলে কোচিং বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান আবদুর রহমান ভূঁইয়া বলেন, তাঁদের স্কুল বন্ধ। পরীক্ষাসংক্রান্ত কিছু কাজ করা হচ্ছে। আশপাশের কোচিং সেন্টারগুলো তাঁর প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।সরকারি বন্ধের মধ্যেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে মাইলস্টোন কলেজে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ওই প্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণীর প্রাকনির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে বলে জানান এক ছাত্রী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এ সময় তাঁদের নির্ধারিত পোশাক না পরে সাধারণ পোশাকে পরীক্ষা দিতে আসতে বলা হয়েছে।ছুটির মধ্যেও পরীক্ষার তারিখ ঘোষণা করেছে নূর মোহাম্মদ রাইফেলস কলেজ। ১৫ আগস্ট দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাকনির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে। এর মধ্যে আবার চলতি মাসের ১৮, ২২ ও ২৪ তারিখ মান যাচাই পরীক্ষা নেওয়া হবে এ প্রতিষ্ঠানে। বন্ধের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের কয়েকজন ক্ষোভ প্রকাশ করেছেন। কলেজের অধ্যক্ষ শাহীনা পারভীন বলেন, কিছুদিন পর এসএসসি পরীক্ষা। এখন ক্লাস-কোচিং বন্ধ। যদি যাচাই পরীক্ষা না নেওয়া যায় তাহলে শিক্ষার্থীদের প্রস্তুতি ভালো হবে না।এ ছাড়া রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডির স্যালভেশন স্কুল, জুনিয়র ল্যাবরেটরি স্কুল, সামছুল হক স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার বাইরে যশোর শিক্ষা বোর্ড স্কুল, টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কোথাও ক্লাস, কোথাও পরীক্ষা বা কোচিং চলছে বলে জানা গেছে।এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, কেউ চাইলে রোজার মধ্যে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য অতিরিক্ত ক্লাস নিতে পারে। তবে তা অবশ্যই নিয়মের মধ্যে থেকে করতে হবে। অভিভাবক ও শিক্ষকেরা সভা করে যদি ঠিক করেন যে অতিরিক্ত ক্লাস নেওয়া দরকার, তাহলে তা নেওয়া যাবে। কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীকে টাকা দিয়ে ওই ক্লাস করতে বাধ্য করা যাবে না। তা ছাড়া অতিরিক্ত ক্লাস নিলে কীভাবে টাকা নেওয়া হবে, সে দিকনির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী আরও বলেন, জোর করে টাকা আদায় করার অভিযোগ পেলে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।ক্লাস চালু রাখায় শিক্ষার্থীদের ভাঙচুর: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পরও ক্লাস ও পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে গতকাল চারটি গাড়ি ভাঙচুর করেছেন জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্ররা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছুটি ঘোষণার দাবিতে সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানটির সামনের সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ এসে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সিদ্ধান্ত জানাতে অনুরোধ করে। কিন্তু কোনো সিদ্ধান্ত না আসায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাড়ে ১২টার দিকে রাস্তায় নেমে ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া করে। এর আগে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এখানেও বন্ধ ঘোষণার দাবি জানায়। কিন্তু কারিগরি কেন্দ্রটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। ওই মন্ত্রণালয় থেকে এ ধরনের নির্দেশনা না পাওয়ায় প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর করেনি বলে দাবি করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এ ছাড়া মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও উত্তরার দিল্লি ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, কুইন্স কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রথম দু-এক দিন খোলা রাখা হয়েছিল। কিন্তু শিক্ষার্থী ও অভিভাবকদের চাপে শেষ পর্যন্ত ওই সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।