কিডনি পাচারের অভিযোগ অস্বীকার নাফিজের
কিডনি কেনাবেচার দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার নাফিজ মাহমুদ ও মাহমুদুর রহমান ওরফে সুজনকে কালাই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে নাফিজ ও সুজন দুজনই কিডনি কেনাবেচা ও পাচারের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ দাবি করেছে। তবে তাঁরা দুজনই সাংবাদিকদের কাছে নিজেদের নির্দোষ দাবি করেছেন।আজ শুক্রবার সকালে প্রথমে কালাই থানায় এবং পরে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে নাফিজ ও সুজনকে সাংবাদিকের মুখোমুখি করা হলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।কালাই থানা পুলিশ বলেন, গতকাল বৃহস্পতিবার রাজধানীর পৃথক দুটি স্থান থেকে নাফিজ মাহমুদ ও মাহমুদুর রহমান সুজনকে গ্রেপ্তার করা হয়। আজ ভোরে সরাসরি তাঁদের কালাই থানায় আনা হয়। কালাই থানায় দায়ের হওয়া কিডনি বিক্রি মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানোর পর সকালে তাঁদের স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি করা হয়। বেলা ১১টায় দ্বিতীয় দফা জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে তাঁদের সাংবাদিকদের মুখোমুখি করা হয়। কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাফিজ মাহমুদ দাবি করেন, তিনি কিডনি কেনাবেচায় কোনোভাবেই জড়িত নন। ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, ‘কিডনি পাচারের উদ্দেশ্যে তারেক একসময় এ দেশ থেকে গরুর পালের মতো ভারতে লোক নিয়ে যেতেন বলে শুনেছি।’ তারেক ও সাইফুলের স্বীকারোক্তি প্রসঙ্গে নাফিজ বলেন, ‘পূর্বশত্রুতার কারণে তারেক কিডনি ব্যবসার সঙ্গে আমার নাম জড়িয়ে দিতে পারেন। আর সাইফুল ইসলাম ওরফে দাউদ নামে কাউকে চিনি না।’কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, নাফিজ মাহমুদ ও মাহমুদুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি না হলে রিমান্ডের আবেদন জানানো হবে। জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক দাবি করেন, নাফিজ মাহমুদ আন্তর্জাতিক কিডনি পাচারকারী চক্রের এ দেশীয় এজেন্ট। ঢাকার পান্থপথে অফিস নিয়ে তিনি বিদেশে কিডনি পাচারের ব্যবসা করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তারেক আজম ও সাইফুল ইসলাম দাউদও আদালতে কিডনি পাচারের সঙ্গে নাফিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।